ভারতীয় হাইকমিশনে লতা, কিশোর ও মান্না দেকে স্মরণে সংগীতসন্ধ্যা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: সংগৃহীত
লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও মান্না দের কালজয়ী গানে সুরের মূর্ছনায় মেতে উঠলেন ঢাকার শ্রোতারা। ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে কিংবদন্তি এই তিন শিল্পীকে স্মরণ করে পরিবেশিত হয় জনপ্রিয় অন্তত ১৫টি গান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হাইকমিশন প্রাঙ্গণে ‘এ মিউজিক্যাল ইভনিং উইথ লিজেন্ডস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভারতীয় সংগীতে এই তিন শিল্পীর অবদান এবং বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের মধ্যে তাঁদের ব্যাপক জনপ্রিয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার বাধে। তিনি তিন শিল্পীর সংগীত-ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের জনপ্রিয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সেতুবন্ধন জোরদারে সংগীত ও শিল্পকলার বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায় ও অনুপমা মুক্তি গান পরিবেশন করেন। তাঁরা তিন কিংবদন্তি শিল্পীর গাওয়া অন্তত ১৫টি জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত সমরজিৎ রায় কিশোর কুমার ও মান্না দের গাওয়া বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
অন্যদিকে, বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের পরিচিত প্লেব্যাক গায়িকা অনুপমা মুক্তি পরিবেশন করেন লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় গান। এ ছাড়া দুজন একটি দ্বৈত গানও পরিবেশন করেন। তাঁদের সঙ্গে ছিলেন একদল দক্ষ যন্ত্রশিল্পী।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিল্পীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
