EN ☀️
×

Follow Us

বিনোদন

দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন
অ অ

এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম কলিন্স। কাঞ্চনের প্রতিষ্ঠান ‘নিরাপদ নিউজ’-এর সংবাদকর্মী সোহাগ বিষয়টি জানিয়েছেন।

কাঞ্চনের প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদও তাঁর দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

তবে এই সফর দীর্ঘদিনের নয়। লিটন এরশাদ জানান, ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। ১৫ আগস্ট সেখানে তাঁর পুনরায় পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, তাঁকে ইতিমধ্যে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

দীর্ঘ চিকিৎসার প্রভাব তাঁর চেহারাতেও পড়েছে। বিমানবন্দর থেকে তোলা একটি ছবিতে সাদা চুল-দাড়িতে তাঁকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাঁর সফরসঙ্গীরা তখন পেছনে দাঁড়িয়ে ছিলেন।

লিটন এরশাদ বলেন, এত দিনের চিকিৎসায় প্রত্যাশিত উন্নতি হয়নি। তাঁর ভাষ্য, পরিবারের পক্ষ থেকে লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। তবু আশানুরূপ ফল মেলেনি।

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চনও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য তাঁকে দেশে আনা হচ্ছে। এরপর নির্ধারিত পরীক্ষার জন্য আবার লন্ডনে ফিরে যাবেন তিনি।

আরও পড়ুন