EN ☀️
×

Follow Us

অন্যান্য

বাউলদের ওপর হামলা

সরকার আমাদের প্রতিবাদে সাড়া দিচ্ছে না: ফরহাদ মজহার

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

সরকার আমাদের প্রতিবাদে সাড়া দিচ্ছে না: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

অ অ

মানিকগঞ্জে বাউল ও ভক্তদের ওপর হামলা এবং পালাকার আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনায় সরকার কোনো ধরনের সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন লেখক, কবি ও দার্শনিক ফরহাদ মজহার।

সোমবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফরহাদ মজহার জানান, বাউল, ভক্ত এবং সুফি ঐতিহ্যের ওপর হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ’ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তিনি সবাইকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাজার ভাঙা ও আধ্যাত্মিক চর্চার ওপর হামলার বিরুদ্ধে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ভাষায়, ‘এভাবে চলতে পারে না। সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না।’

বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিও জানান তিনি। পোস্টে ফরহাদ মজহার উল্লেখ করেন—জুলাই অভ্যুত্থানের পর মাজারকে গণপরিসর হিসেবে গড়ে তুলতে আবুল সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা না দেওয়ার অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলেও দাবি করেন তিনি।

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, হামলার ভয় পেয়ে যেভাবে অনেককে পানি ও পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করতে হয়েছে, তা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত করেছে।

তার দাবি, সামাজিক বিরোধ বা মতপার্থক্য সমাধানের ক্ষেত্রে দমন-পীড়ন ও আইন প্রয়োগই প্রধান হাতিয়ার হয়ে উঠেছে, যা আরও সংঘাত সৃষ্টি করছে। ‘সংঘাত কিংবা আইন—কোনোটাই সামাজিক বিরোধ মীমাংসার একমাত্র পথ হতে পারে না,’—বলেন তিনি।

প্রতিবাদ সমাবেশ থেকে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ফরহাদ মজহার।

আরও পড়ুন