EN ☀️
×

Follow Us

মতামত

শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা ও সত্যের সাহস শেখাবেন শিক্ষক: তাঁদের বাছাই কীভাবে?

একেএম মাহফুজুর রহমান

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা ও সত্যের সাহস শেখাবেন শিক্ষক: তাঁদের বাছাই কীভাবে?
অ অ

একটি শিশু শ্রেণিকক্ষে ভুল স্বীকার করলে শিক্ষক ইচ্ছা করলে সবার সামনে তাকে অপমান বা শাস্তি দিতে পারেন অথবা শিশুটিকে তার ভুলের পরিণতি বুঝিয়ে তা সংশোধনের উপায় ও সুযোগও দিতে পারেন। দুটোই শিক্ষকের মেধা, প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে। কেননা, শিক্ষকের এই দুইয়ের মধ্যে যেকোনো একটি সিদ্ধান্ত থেকে শিশুটি দুই রকম শিক্ষা পাবে এবং বেড়ে উঠবে। শিক্ষকের সিদ্ধান্তে একটিতে সে শিখবে সত্য বলার খেসারত এবং অন্যটিতে শিখবে নিজের কাজের দায় নেওয়া ও ভুল থেকে ফিরে এসে আগামী দিনে সঠিক পথে চলা। প্রতিটি শিশু তার শিক্ষা, নৈতিকতা ও জ্ঞান অর্জনের মূল ভিত্তির প্রথম ১২ বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজের শিক্ষকদের সান্নিধ্যে অর্জন ও তাঁদের অনুসরণ করে থাকে। সঙ্গত কারণেই প্রতিটি রাষ্ট্র, জাতি ও শিশুর অভিভাবকেরা শিক্ষকদের কাছ থেকে সেই মেধা, নৈতিকতা ও গুণাবলির সততার পাশাপাশি জবাবদিহিতাও আশা করে। আর এটাই স্বাভাবিক এবং এর চর্চা শুরু হতে পারে শিশুশ্রেণির শ্রেণিকক্ষ থেকেই।

অভিভাবকেরা সন্তানের শ্রেণিকক্ষের বিভিন্ন পরীক্ষা ও বোর্ড পরীক্ষার ভালো ফলাফল জানতে আগ্রহী, তেমনি সহপাঠীর সঙ্গে সে কেমন আচরণ করে থাকে, নিজের সুবিধার জন্য নিয়ম ভাঙে কি না, সততা ও নৈতিকতা শিখছে কি না, তা নিয়েও ততটা ভেবে থাকেন। জ্ঞান ও দক্ষতা মানুষকে সক্ষম করে। সেই সক্ষমতা সে কীভাবে কাজে লাগাবে, তা অনেকটাই নির্ভর করে তার শিশুকালের শিক্ষা থেকে অর্জিত বিচারবোধের ওপর। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শিক্ষক কার কথা শোনেন, কী শেখাচ্ছেন, কাকে সুযোগ দেন বা দেননি, অভিযোগ পেলে কী করেন এবং কীভাবে একজন শিক্ষক তাঁর আচরণ ও নৈতিকতা প্রদর্শন করে থাকেন। তাই প্রচলিত যোগ্যতার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রশ্নটি শিক্ষক নিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত ও গুরুত্বপূর্ণ।

একজন শিক্ষক পদের প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি নিজের বিষয়ে কতটা দক্ষ এবং কঠিন ধারণা সহজ করে বোঝাতে পারেন, তা দেখতে হবে মৌখিক পরীক্ষা ও শ্রেণিকক্ষে নমুনা পাঠদানে। নিয়োগ বোর্ড দেখবে, শিক্ষক প্রার্থী কীভাবে শিক্ষার্থীর ভুল উত্তর শুনে সাড়া দেন কিংবা কেউ বুঝতে না পারলে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেন কি না। কেন তিনি শিক্ষক হতে চান, তাঁর সততা ও আর্থিক মোহ অধিক কি না, আগের কোনো কাজে নিজের ভুল কীভাবে সংশোধন করেছেন—এমন প্রশ্নের উত্তর থেকেও তাঁর পেশাগত মনোভাব, ধৈর্য ও সংবেদনশীলতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং শিক্ষক প্রার্থীকে জিজ্ঞাসা করা যেতে পারে, প্রভাবশালী অভিভাবক সন্তানের নম্বর বাড়াতে বললে তিনি কী করবেন? কোনো শিক্ষার্থী জানাল, পরিবারের আর্থিক অবস্থা নিয়ে সহপাঠীরা তাকে নিয়মিত বিদ্রূপ করে। তার কথা শোনার পর প্রার্থীর প্রথম পদক্ষেপ কী হবে? খাতা দেখতে গিয়ে নিজের ভুল ধরা পড়লে কীভাবে নম্বর সংশোধন করবেন? সব প্রার্থীর জন্য একই ধরনের পরিস্থিতি ও অভিন্ন মূল্যায়ন মানদণ্ড রাখা দরকার। বোর্ড সদস্যরা আলাদাভাবে নম্বর দিলে এবং তার কারণ সংক্ষেপে লিখে রাখলে নিয়োগের সিদ্ধান্ত পর্যালোচনা করারও সুযোগ থাকবে। সবকিছু বিবেচনা করে শিক্ষক প্রার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক নিয়োগ দিয়ে পরবর্তীতে সন্তোষজনক হলেই কেবল স্থায়ী নিয়োগ দেওয়া যৌক্তিক। যেহেতু শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং এর মূল কারিগর হচ্ছেন শিক্ষক। পরবর্তীতে এর সুফল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা এবং এর উন্নয়নে সফলতা পাওয়া যাবে।

বাংলাদেশে শাস্তির অভিজ্ঞতা বোঝার জন্য পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের কাছ থেকে শারীরিক শাস্তি, মানসিক আক্রমণ কিংবা উভয়ের শিকার হয়েছে। যা ২০১৯ সালের জরিপে ছিল ৮৮ দশমিক ৮ শতাংশ। এই পারিবারিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে শিশুর কথা শোনা এবং তাকে মর্যাদা দিয়ে ভুল সংশোধনের সুযোগ দেওয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। ২০২৩ সালে চাইল্ড ডেভেলপমেন্ট সাময়িকীতে প্রকাশিত ক্রিস্টিনা সিপ্রিয়ানো ও তাঁর সহকর্মীদের বিশ্লেষণে ৫৩টি দেশের ৪২৪টি গবেষণা অন্তর্ভুক্ত ছিল। এতে প্রায় ৫ লাখ ৭৫ হাজার শিক্ষার্থীর তথ্য পর্যালোচনা করা হয়। বিদ্যালয়ভিত্তিক সামাজিক ও আবেগীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের আচরণ, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক ও শিক্ষাগত অর্জনে তুলনামূলক উন্নতি দেখা গেছে। কর্মসূচির বিষয়বস্তু, স্থানীয় প্রেক্ষাপট ও বাস্তবায়নের মান অনুযায়ী ফলও বদলেছে। বাংলাদেশের বিদ্যালয়ে তাই বয়স ও স্থানীয় অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে চর্চার সুযোগ তৈরি করা দরকার।

আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পরিচিত কাজ দিয়ে চর্চা শুরু করা যেতে পারে। যেমন, হারানো পেনসিল ফেরত দেওয়া, সহপাঠীর জিনিস ব্যবহারের আগে অনুমতি চাওয়া কিংবা অন্যের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মধ্য দিয়ে শিশু অন্যের অধিকার বুঝতে শেখে, কথা বলার আগে ভেবে নেওয়া, শান্ত ও মনোযোগ দিয়ে বইপত্র গুছানো ও পড়াশোনার চর্চা করা, আশাবাদী হওয়া এবং ভবিষ্যতের সফলতার গল্প বলা। গল্প পড়ানোর পর শিক্ষক জিজ্ঞেস করতে পারেন, চরিত্রটি আর কী করতে পারত এবং তার সিদ্ধান্তে কার কী ক্ষতি হয়েছে। বিজ্ঞানের ক্লাসে পরীক্ষার ফল প্রত্যাশার সঙ্গে না মিললেও যা দেখা গেছে, তা হুবহু লিখতে শেখানোও সততার পাঠ। খেলাধুলায় নিজের দলের বিপক্ষে সিদ্ধান্ত গেলেও মেনে নেওয়ার প্রবণতা তৈরি করা।

মাধ্যমিকে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। আলোচনায় আসতে পারে নকল করা, সহপাঠীকে দল থেকে বাদ দেওয়া কিংবা অনলাইনে কাউকে হেয় করার ঘটনা। কলেজে শিক্ষার্থীরা আলোচনা করতে পারে, পরিচয়ের জোরে সুযোগ পেলে যোগ্য প্রার্থীর কী ক্ষতি হয় কিংবা যাচাই ছাড়া গুজব ছড়ালে কী ঘটতে পারে। দলীয় কাজে দায়িত্ব ভাগ করা, ব্যয়ের হিসাব রাখা এবং সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার মধ্য দিয়েও জবাবদিহি শেখা যায়। আচরণবিধি তৈরিতে শিক্ষার্থীদের যুক্ত করলে তারা নিয়মের কারণ বুঝতে পারে এবং তা পালনের দায়িত্বও নিতে শেখে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় ২০২৩ সালে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে নীতিমালা জারি করেছে। এর বাস্তব প্রয়োগ বোঝা যাবে শিক্ষার্থীর অভিজ্ঞতায়। সে কি জানে, অভিযোগ নিয়ে কার কাছে যাবে? তার পরিচয় ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা আছে কি? অভিযোগের পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রতিষ্ঠান কি তা পর্যালোচনা করে? প্রতিষ্ঠানপ্রধানেরা মাসিক সভায় পরীক্ষার ফলের পাশাপাশি এসব প্রশ্নও তুলতে পারেন। অভিভাবক সভায় আলোচনায় আসতে পারে, বাড়িতে বা বিদ্যালয়ে ভুলের কথা জানালে শিশুর সঙ্গে বড়রা কীভাবে কথা বলছেন। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর জন্য এসব বিষয় নিয়ে কলেজে নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ করা অত্যন্ত জরুরি।

শিক্ষকের কাছে পেশাগত সততা চাইলে তাঁকে প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ, ন্যায্য সুযোগ-সুবিধা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে। প্রভাবশালী কারও অনুরোধ ফিরিয়ে দিয়ে একজন শিক্ষক যেন প্রশাসনিক চাপে একা না পড়েন, সে দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের। একই সঙ্গে নম্বরে পক্ষপাত, সব ধরনের কোচিং বন্ধ এবং কোচিংয়ে যেতে চাপ কিংবা হয়রানির অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত করে কঠোর শাস্তি কিংবা শিক্ষককে বরখাস্ত করতে হবে। চাকরির শুরুতে অভিজ্ঞ সহকর্মীর সহায়তা এবং নিয়মিত শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ থাকলে নিয়োগের সময় যে গুণগুলো দেখা হয়েছে, সেগুলো পেশাজীবনেও চর্চার সুযোগ পাবে।

সরকার, সমাজ, অভিভাবক এবং সব প্রতিষ্ঠানপ্রধানকে অবশ্যই মনে রাখতে হবে যে, পরিবার, প্রশাসন, রাজনীতি ও ব্যবসায় অসততা পুরস্কৃত হলে শ্রেণিকক্ষে শেখানো ন্যায্যতার সঙ্গে বাইরের অভিজ্ঞতার সংঘাত তৈরি হয় এবং পূর্বে সেখানে শেখানো কোনো কিছুই আর কাজে লাগে না। আইন প্রয়োগ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির দায়িত্ব তাই রাষ্ট্রকেই নিতে হবে। তার একটি পরীক্ষা শিক্ষক নিয়োগেও। পৃথিবীর অনেক দেশেই শিক্ষক নিয়োগে সবচেয়ে কঠিন ও কঠোর নিয়ম মেনে চলা হয়। প্রভাবশালীর সুপারিশ এলেও নিয়োগ বোর্ড সবার জন্য একই মানদণ্ড প্রয়োগ করে এবং সিদ্ধান্তে অটল কঠোরতা দেখাতে পারে, তাহলেই কেবল প্রতিটি প্রতিষ্ঠান নিজেই সেই ন্যায্যতার চর্চায় উত্তীর্ণ হবে, একটি করে উদাহরণ সৃষ্টি হবে, সবাই জানবে, শিক্ষার্থীরাও দেখবে ও শিখবে, একটি শিক্ষিত জাতি তৈরি হবে। দেশ স্বচ্ছ নিয়মে উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এটাই দেশ ও জাতির প্রত্যাশা।

লেখক: কলামিস্ট ও লেখক, সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। উপপরিচালক (ফ্যাকাল্টি এইচআর), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন