ঢাবি হিন্দি ভাষা বিভাগের ভারতে শিক্ষা সফর
ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য সেতু বন্ধন
অঞ্জয় রঞ্জন দাস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সঙ্গে সফরকারী দলের সদস্যরা। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের একটি বিশিষ্ট প্রতিনিধি দল ভারত সফর সম্পন্ন করেছেন। গত ১লা জুলাই থেকে ১০ই জুলাই পর্যন্ত ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) এর ‘শিক্ষার্থী ভ্রমণ কর্মসূচী ২০২৬-২৭’ এর আওতায় এই শিক্ষা সফরটি অনুষ্ঠিত হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের নেতৃত্বে অনুষ্ঠিত এই সফরটি ভারতের সমৃদ্ধ জ্ঞান, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে দেখার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ রূপ দান করেছে।
এই আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)।
দিল্লী থেকে যাত্রা শুরু
গত ১লা জুলাই (বুধবার) দিল্লীতে যাওয়ার মধ্য দিয়ে প্রতিনিধি দলটির ভারত সফর শুরু হয়। এরপর রাজধানী দিল্লী, ঐতিহাসিক বারানসী এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ আগ্রায় প্রতিনিধি দলের জন্য বিভিন্ন শিক্ষামূলক, একাডেমিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২রা জুলাই) প্রতিনিধি দলটি দিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য একাডেমির সচিব ড. বরুণ গুলাটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পরিদর্শন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন স্কুলের ডিন অধ্যাপক শোভা শিবশঙ্করণ এবং ভারতীয় ভাষা কেন্দ্রের (সিআইএল) প্রধান অধ্যাপক সুধীর প্রতাপ সিংয়ের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একটি একাডেমিক মতবিনিময় সভায় অংশ নেন।
একই দিনে তারা বসন্ত কুঞ্জে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল পরিদর্শন করেন এবং দিল্লির লাডো সরাইয়ের কিলা রাই পিথোরায় অনুষ্ঠিত ‘Piprahwa Buddha Relics International Exhibition’ পরিদর্শন করেন।
ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে দিল্লী
শুক্রবার (৩রা জুলাই) প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হুমায়ুনের সমাধি পরিদর্শন করেন। পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে যান তারা। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক রজনী আব্বি, কলা অনুষদের ডিন অধ্যাপক উর্মি নন্দা বিশ্বাস এবং হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুধা সিং-এর উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ একাডেমিক মতবিনিময়ে অংশ নেন।
শনিবার (৪ঠা জুলাই) প্রতিনিধি দলটি জাতীয় জাদুঘর, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কুতুব মিনার, লাল কেল্লা এবং ঐতিহাসিক জামা মসজিদ পরিদর্শন করেন। সন্ধ্যায় মান্ডি হাউসের এলটিজি অডিটোরিয়ামে হিন্দি গীতিনাট্য ‘শশী পুন্নু’ উপভোগ করেন তারা।

বারানসী: গঙ্গা ও ভারতীয় ঐতিহ্যের সান্নিধ্যে
রবিবার (৫ই জুলাই) প্রতিনিধি দলটি দিল্লি থেকে উত্তর প্রদেশের বারানসীর উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যায় অলকানন্দা ক্রুজে চড়ে বারানসীর আসসি ঘাট থেকে নমো ঘাট পর্যন্ত নৌভ্রমণের মাধ্যমে গঙ্গার তীরবর্তী বিভিন্ন ঐতিহাসিক ঘাট প্রত্যক্ষ করার এক অনন্য নান্দনিক অভিজ্ঞতা লাভ করেন তারা।
সোমবার (৬ই জুলাই ) প্রতিনিধি দলটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) উপাচার্য অধ্যাপক অজিত কুমার চতুর্বেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর হিন্দি বিভাগের প্রধান অধ্যাপক রাজ কুমারের উপস্থিতিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে অংশ নেন। বিকেলে তারা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ‘সারনাথ’ ও ‘সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ পরিদর্শন করেন।
গত মঙ্গলবার (৭ই জুলাই) প্রতিনিধি দলটি বারানসী থেকে দিল্লী হয়ে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করে। একই দিন বিকেলে ইতমাদ-উদ-দৌলা, সিকান্দ্রা ও উত্তর প্রদেশ হস্তশিল্প কমপ্লেক্স পরিদর্শন করেন তারা।
বুধবার (৮ই জুলাই) প্রতিনিধি দলটি আগ্রায় অবস্থিত কেন্দ্রীয় হিন্দি সংস্থানের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। সংস্থানের পরিচালক অধ্যাপক হরি শংকরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একাডেমিক মতবিনিময় করেন। একই দিনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘তাজমহল’ ও ‘আগ্রা কেল্লা’ পরিদর্শন করে ভারতের স্থাপত্য, ইতিহাস ও শিল্প ঐতিহ্য সম্পর্কে অনন্য অভিজ্ঞতা লাভ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ই জুলাই ) দিল্লীর আজাদ ভবনে আইসিসিআর-এর মহাপরিচালক শ্রীমতী কে. নন্দিনী সিঙ্গলার সঙ্গে প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহাপরিচালক বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে যুবসমাজ, ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করেন।
একই দিনে আজাদ ভবনে আইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথেও ঢাবি প্রতিনিধি দল সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপর বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
১০ই জুলাই (শুক্রবার) ভারতের ইতিহাস, শিল্প, সাহিত্য, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসে।
এই শিক্ষা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নততর হিন্দি ভাষা শিক্ষা, একাডেমিক সম্পদ, গবেষণার সুযোগ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানে পরিচালিত ভাষা-শিক্ষণ কর্মসূচিতে আরও বেশি সুযোগ সৃষ্টির সম্ভাবনা অনুসন্ধান করা। এই সফর দুই দেশের শিক্ষা, ভাষা ও সংস্কৃতির মধ্যকার পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
পুরো সফরজুড়ে আইসিসিআর-এর প্রতিনিধি হিসেবে এস.এম. লটওয়াল (সহকারী প্রোগ্রাম অফিসার) প্রতিনিধি দলের সঙ্গে থেকে চমৎকার সমন্বয় ও সহযোগিতা প্রদান করেন।
ভারত সফর শেষে গত ২০শে জুলাই প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের চমৎকার ও তথ্যবহুল সফর-অভিজ্ঞতা তুলে ধরেন। এই অবিস্মরণীয় শিক্ষা সফরের সার্বিক পরিকল্পনা ও সফল বাস্তবায়নের জন্য ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাউন্সেলর নিরূপথ সিং ও দ্বিতীয় সচিব পূজা ঝা-সহ আইসিসিআর কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
লেখক: অঞ্জয় রঞ্জন দাস, শিক্ষক (হিন্দি ভাষা), আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইমেইল: [email protected]