গ্যাস সংকট ও দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে গ্যাস সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি প্রতীকীভাবে পেট্রোবাংলার দিকে যাবে।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।
এনসিপির দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, শিল্প-কারখানা ও পরিবহন খাতে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলছে। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। এসবের প্রতিবাদেই দলটি এ কর্মসূচির আয়োজন করেছে।