EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইনে ইরানের ড্রোন অভিযান

একের পর এক এসব হামলায় পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইনে ইরানের ড্রোন অভিযান

ছবি: সংগৃহীত

অ অ

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন অভিযান চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে ড্রোন হামলার মুখে পড়ার কথা জানিয়েছে কুয়েত।

একের পর এক এসব হামলায় পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চালানো অভিযানের ফল।’

এর আগে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলার কথা জানায় ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, ‘কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরনার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল জাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর আগে বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সামরিক সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের ‘বারবার অনুপ্রবেশের’ জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বাহরাইন জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরও দেশটিতে অবস্থিত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার সময় রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপির প্রতিবেদনে বলা হয়, এর আগে গত শুক্রবারের হামলাটি ছিল সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে ইরানের প্রথম হামলা।


এদিকে, রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এ হামলা চালানো হয়। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই শিয়া ধর্মীয় নেতা।

এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুপক্ষের ড্রোন হামলা’ মোকাবিলা করছে। এ সময় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েতের সেনাবাহিনী।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন