EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

জাঁকজমকপূর্ণ আয়োজনে ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির ডেইলি সানের অ্যাপ চালুর ঘোষণা দেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

জাঁকজমকপূর্ণ আয়োজনে ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
অ অ

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ, সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা এবং নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকারের মধ্য দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির ডেইলি সানের অ্যাপ চালুর ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এ অ্যাপের মাধ্যমে পাঠকেরা সহজে সংবাদ পড়তে পারবেন। পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী সংবাদ আপডেট ও নোটিফিকেশন পাওয়ার সুযোগ থাকবে।

ডেইলি সানের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করে তিনি বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্টে একটি ছোট কার্যালয় থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যে পত্রিকার মাস্টহেডসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

পত্রিকাটির অগ্রগতিতে গর্ব প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিক, সম্পাদক ও অন্যান্য কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় ডেইলি সান আজকের অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, ‘আমাদের দেশের গণমাধ্যমের এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মানুষ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সংবাদ জানতে চায়।’ নতুন অ্যাপের মাধ্যমে পাঠকেরা তাদের প্রয়োজনীয় সংবাদ আরও সহজে খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটি এগিয়ে যাবে। তবে যেসব সম্পাদকীয় নীতি ও আদর্শের ভিত্তিতে ডেইলি সানের যাত্রা শুরু হয়েছিল, সেগুলো অক্ষুণ্ন রাখা হবে।

তিনি বলেন, সাংবাদিকতার কাজ শুধু ঘটনা তুলে ধরা নয়; বরং সেই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য পাঠকের কাছে স্পষ্ট করাও সাংবাদিকতার দায়িত্ব।

রেজাউল করিম লোটাস জানান, ডেইলি সানের ডিজিটাল ও মাল্টিমিডিয়া কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। নতুন প্রযুক্তি ও সংবাদ উপস্থাপনার আধুনিক পদ্ধতি গ্রহণ করা হলেও নির্ভুলতা, নৈতিকতা ও সম্পাদকীয় স্বাধীনতার সঙ্গে কোনো আপস করা হবে না।

পাঠকদের অব্যাহত আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সাংবাদিক, সহ-সম্পাদক, ফটোগ্রাফার, ডিজাইনার, মার্কেটিং বিভাগের কর্মীসহ পত্রিকার সঙ্গে যুক্ত সবার অবদানের কথা তুলে ধরেন।

ডেইলি সানের প্রকাশক মায়নাল হোসেন চৌধুরী বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি ১৬ বছরের প্রকাশনা সম্পন্ন করেছে। এর পেছনে রয়েছে কর্মীদের পরিশ্রম, মানসম্মত লেখা প্রকাশের অঙ্গীকার এবং সংবাদ পরিবেশনে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা।

তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবার ও গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতার কথাও উল্লেখ করেন। তাদের ধারাবাহিক সমর্থন পত্রিকাটিকে সামনে এগিয়ে নিতে সহায়তা করেছে বলে জানান তিনি।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনে গণমাধ্যমের কাজের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে মায়নাল হোসেন চৌধুরী বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে ডেইলি সানকে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে, সাংবাদিকতার উচ্চমান বজায় রাখতে হবে এবং পাঠকের কাছে সত্য তুলে ধরতে হবে।

পত্রিকাটিকে বিজ্ঞাপন, লেখালেখি ও সম্পাদকীয় সহযোগিতার মাধ্যমে যারা সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ডেইলি সান ও টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম বলেন, গত এক বছরে ডিজিটাল দলকে শক্তিশালী করা এবং বিভিন্ন পুরস্কার অর্জনের মধ্য দিয়ে পত্রিকাটি অগ্রগতি অর্জন করেছে।

পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেওয়া অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অগ্রগতি অব্যাহত থাকবে।

মান ও মার্কেটিং কার্যক্রম উন্নত করার মাধ্যমে ডেইলি সানকে আরও আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বাংলানিউজ২৪ ডটকমের সম্পাদক একেএম মঞ্জুরুল হক ডেইলি সানকে ১৬ বছরে পদার্পণের জন্য অভিনন্দন জানান। তিনি পত্রিকাটির প্রতি বসুন্ধরা গ্রুপের সহযোগিতার প্রশংসা করে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনায় প্রায়ই উল্লেখযোগ্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকেরাও ডেইলি সানের সাংবাদিকতার প্রশংসা করেন এবং পত্রিকাটির কর্মীদের অভিনন্দন জানান।

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জানান, তিনি নিয়মিত ডেইলি সান পড়ার মাধ্যমে দিনের সূচনা করেন। পত্রিকাটিকে একটি মর্যাদাপূর্ণ গণমাধ্যম হিসেবে উল্লেখ করে এর প্রকাশিত সংবাদ ও বিষয়বস্তুর প্রশংসা করেন তিনি।

শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোডি ডেইলি সানকে দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে অভিহিত করেন। তিনি জানান, পত্রিকাটি নির্ভুল, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন করে। দেশের রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক সংবাদ পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। শ্রীলঙ্কা হাইকমিশনের পক্ষ থেকে ডেইলি সান ও বসুন্ধরা মিডিয়া গ্রুপের অব্যাহত সাফল্য কামনা করেন তিনি।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ডেইলি সানের পুরো দলকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু অর্জন উদ্‌যাপনের উপলক্ষ নয়; বরং অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেরও সুযোগ।

তিনি শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সংবাদ কেন গুরুত্বপূর্ণ, তা পাঠকের কাছে তুলে ধরার ক্ষেত্রে ডেইলি সানের প্রচেষ্টার প্রশংসা করেন। ঢাকায় নেপাল দূতাবাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পত্রিকাটির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সচিব ও অ্যাটাশে সোফিয়া কুতেপোভা ডেইলি সান দলের পেশাদারত্ব, কর্মোদ্দীপনা ও আন্তরিকতার প্রশংসা করেন। সম্পাদক রেজাউল করিম লোটাসসহ সহকর্মীদের সঙ্গে তার অভিজ্ঞতা ইতিবাচক বলেও জানান তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, প্রেস ও তথ্য) শ্রী গোকুল বিমল কালা ডেইলি সানের সাংবাদিকদের অভিনন্দন জানান। বিশেষ করে মাঠপর্যায়ের প্রতিবেদক, মাল্টিমিডিয়া দল, নকশাবিদ ও নেপথ্যে কাজ করা কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতি ডেইলি সানের ১৬ বছর পূর্তিকে পত্রিকাটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। নিরপেক্ষতা এবং নির্ভুল, বিশ্বাসযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশনের অঙ্গীকারের প্রশংসা করে তিনি পত্রিকাটির অব্যাহত সাফল্য কামনা করেন।

ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর আহমেদ সাইফুদ্দিন বলেন, বিশ্বজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও পরিবর্তন বুঝতে ডেইলি সান পাঠকদের গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করছে। পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক ও বসুন্ধরা গ্রুপের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানও উপস্থিত ছিলেন।

২০১০ সালের ২৪ অক্টোবর ইংরেজি ভাষার ব্রডশিট সংবাদপত্র হিসেবে ডেইলি সানের যাত্রা শুরু হয়। শুরু থেকেই নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা পত্রিকাটি গত ১৬ বছরে মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মেও নিজেদের পরিসর বিস্তৃত করেছে।

১৭তম বছরে পদার্পণের এ সময়ে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, সম্পাদকীয় স্বাধীনতা ও সততা বজায় রাখা এবং আর্থিকভাবে টেকসই প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাকে ভবিষ্যতের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে ডেইলি সান কর্তৃপক্ষ।

আরও পড়ুন