ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ১২০ সদস্যের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্র্যাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
মেডিকেল ক্যাম্পে ক্র্যাব সদস্যদের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ সময় ১২০ জন সদস্যের র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) ও সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা বিনামূল্যে করা হয়।
এ ছাড়া চিকিৎসকেরা সদস্যদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি রক্তচাপ মাপা, পালস অক্সিমিটারের মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবাও দেওয়া হয়।
আয়োজকেরা জানান, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকদের অনেকেরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে ওঠে না। বিষয়টি বিবেচনায় নিয়ে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সদস্যদের জন্য এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।