EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা খুশি লেখা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা খুশি লেখা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ছবি: সংগৃহীত

অ অ

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার পাশাপাশি গুজব, গুঞ্জন ও মিথ্যা তথ্য রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে যার বিরুদ্ধে ইচ্ছা যা খুশি লেখা নয়। স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে প্রেস সচিব বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার কথা বলতে গিয়ে যেন স্বৈরাচারী হয়ে ওঠা না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে প্রায় সাত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। অনেক ক্ষেত্রে কারও বিরুদ্ধে লেখা হলেও তাঁর বক্তব্য নেওয়া বা তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে না। ডিজিটাল মাধ্যমে অসত্য তথ্য মহামারির মতো ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

অপতথ্য রোধে প্রতিটি সংবাদমাধ্যমে নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’-এর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সালেহ শিবলী। প্রিন্ট, ইলেকট্রনিক, মোবাইল ও নাগরিক সাংবাদিকতায় প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের বিশেষ অনুষ্ঠান বা প্রতিবেদন প্রকাশের তাগিদ দেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার সীমা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, স্বাধীনতার সীমানা সরকার কিংবা ব্যক্তি নির্ধারণ করবেন না; তা নির্ধারণ করবে আদালত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় জ্যেষ্ঠ সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন