অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে সতর্ক হতে হবে: রুমন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে গণমাধ্যমকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সংবাদ পরিবেশনে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা ও সতর্কতা জরুরি।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে যাতে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
নতুন সংস্কারের নামে একটি মন্দির ভেঙে ফেলার তথ্য প্রচারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিষয়টি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, বাস্তবে সরকার ওই মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের ভেতরেও কেউ কেউ একই ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী নিজেও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।
সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো ছয় মাস পূর্ণ হয়নি। অনেক উদ্যোগের সুফল পেতে সময় প্রয়োজন। তাই সরকারের কার্যক্রমের ফল পেতে সবাইকে ধৈর্য ধরতে হবে।
আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করছেন। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে। জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করার পাশাপাশি একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।