সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গণি
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া দেশ ও গণতন্ত্রের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও নিজেদের অস্তিত্ব রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন কাদের গণি চৌধুরী।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাদের গণি চৌধুরী বলেন, অতীতে গণমাধ্যমের নীরবতা, সাংবাদিকদের দলদাসে পরিণত হওয়া এবং সম্পাদকদের অসহায় আত্মসমর্পণের কারণে তৎকালীন সরকার স্বৈরাচার থেকে ফ্যাসিবাদী রূপ নিয়েছিল।
তিনি বলেন, ‘গণমাধ্যম যদি তার উচ্চকণ্ঠ ধরে রাখতে না পারে, তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়।’ গণতান্ত্রিক সরকারের আমলে ‘তোমরা লিখবা, আমরা পিটাবো’—এ ধরনের হুমকি দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে সাংবাদিকরা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারছেন উল্লেখ করে বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকতার চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে অনেক সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার ঘাটতিও বড় সমস্যা। সাংবাদিকদের ন্যায্য বেতন, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।
কাদের গণি চৌধুরী বলেন, অধিকাংশ গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয় না। অনেক প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন মালিকের গাড়িচালকের বেতনের চেয়েও কম। এসব অনিয়ম বন্ধ করতে হবে। সরকারকে ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা নিছক চাকরি নয়। গণতন্ত্র, মানুষের অধিকার, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং বৈষম্য দূর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীন ও শক্তিশালী সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে অনেক সাংবাদিক গণমাধ্যম মালিকদের দ্বারাও শোষণের শিকার হচ্ছেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এ ছাড়া কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম. আর. মাহাবুব, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপুসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।