EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা, নিরপেক্ষ তদন্ত দাবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:২২ পিএম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা, নিরপেক্ষ তদন্ত দাবি

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হন। যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

সম্পাদক পরিষদ মনে করে, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের ঘটনা একটি গণতান্ত্রিক সমাজে উদ্বেগজনক দৃষ্টান্ত সৃষ্টি করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক পরিষদ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন