EN ☀️
×

Follow Us

গণমাধ্যম

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, একে শক্তিশালী করতে হবে: তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, একে শক্তিশালী করতে হবে: তথ্যমন্ত্রী
অ অ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। তাই এটিকে অবশ্যই বস্তুনিষ্ঠ, শক্তিশালী ও নিখুঁতভাবে গড়ে তুলতে হবে। তবে গণমাধ্যমকে শক্তিশালী করার দায়িত্বও সংশ্লিষ্ট সব অংশীজনকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১৫ জুন) রাজধানীর তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তি ছাড়া একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব নয়। গণমাধ্যমকে পেশাগতভাবে শক্তিশালী করতে হলে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে কাঠামোবদ্ধ না করতে পারলে গণতন্ত্রের চর্চাও টেকসই হবে না। ভিন্নমত ও মতপ্রকাশের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এনইসির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গণমাধ্যমকে কোটামুক্ত ও জাতীয় চরিত্রসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- নয়াদিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর সম্পাদক সৈয়দ মেছবাহউদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, পিআইবি চেয়ারম্যান ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম এবং নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম। 

এ ছাড়া সেমিনারে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক নেতা, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন