EN ☀️
×

Follow Us

জীবনযাপন

বয়স ৩০ পেরোলেই কি সন্তান ধারণ কঠিন হয়?

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

বয়স ৩০ পেরোলেই কি সন্তান ধারণ কঠিন হয়?

বয়স ৩০ পেরোলেও সঠিক জীবনযাপন ও পরিকল্পনায় সুস্থ গর্ভধারণ সম্ভব। ছবি: সাবিনা ইয়াসমিন

অ অ

বয়স ৩০ পেরোলেই কি নারীদের সন্তান ধারণের ক্ষমতা ফুরিয়ে যায়? মা হওয়ার পরিকল্পনা করছেন, এমন অনেক নারীর মনেই এই প্রশ্ন ও ভয় কাজ করে। প্রচলিত ধারণা হলো, ৩০ বছর পার হলেই স্বাভাবিকভাবে গর্ভধারণ করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, বিষয়টি মোটেও তেমন নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কেয়ার হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর এবং বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. প্রভা আগরওয়াল এই বিষয়ে প্রচলিত ৪টি ভুল ধারণা ও বৈজ্ঞানিক বাস্তবতা তুলে ধরেছেন।

৩০-এর পর স্বাভাবিকভাবে গর্ভধারণ কঠিন

ডা. প্রভা আগরওয়ালের মতে, ত্রিশের কোঠায় পা দিলেই গর্ভধারণ অসম্ভব বা কঠিন হয়ে যায়—এটি সম্পূর্ণ ভুল ধারণা। ত্রিশের দশকের শুরুর দিকে অধিকাংশ নারীরই নিয়মিত ঋতুচক্র এবং স্বাভাবিক ডিম্বস্ফোটন (ওভুলেশন) প্রক্রিয়া সচল থাকে। ফলে স্বাভাবিকভাবেই গর্ভধারণ সম্ভব এবং সুস্থ সন্তানের জন্ম দেওয়া যায়। তবে নারীরা নির্দিষ্টসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মান; তাই বয়স বাড়ার সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কিছুটা কমতে থাকে, যা মূলত ৩৫ বছরের পর বেশি স্পষ্ট হয়।

৩০ বছর হলেই প্রজননক্ষমতা হঠাৎ কমে যায়

অনেকের ধারণা, ৩০তম জন্মদিনের পরপরই প্রজননক্ষমতায় ধস নামে। বাস্তবে প্রজননক্ষমতা কখনোই হঠাৎ করে কমে যায় না, বরং এটি একটি ধীর প্রক্রিয়া। ত্রিশের দশকের শুরুতে গর্ভধারণের সম্ভাবনা বেশ ভালো থাকে। তবে ত্রিশের দশকের শেষ দিকে এসে প্রাকৃতিকভাবে সন্তান ধারণের চ্যালেঞ্জ কিছুটা বাড়তে পারে।

কেবল বয়সই সন্তান ধারণে প্রভাব ফেলে

গর্ভধারণের ক্ষেত্রে শুধু বয়সই একমাত্র নিয়ামক নয়, বরং দৈনন্দিন জীবনযাপনও বড় ভূমিকা রাখে। ধূমপান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘমেয়াদী মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রজননস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সুস্থভাবে মা হতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি।

৩০-এর পর বন্ধ্যত্বের চিকিৎসা কাজ করে না

এটিও একটি ভ্রান্ত ধারণা। বয়স ৩০ পেরোনোর পর সন্তান ধারণে জটিলতা দেখা দিলে ওভুলেশন ইনডাকশন, আইইউআই এবং আইভিএফের মতো আধুনিক চিকিৎসাপদ্ধতি অত্যন্ত কার্যকর হতে পারে। তবে চিকিৎসার সাফল্য বয়সের পাশাপাশি ডিম্বাণুর মান, পুরুষ সঙ্গীর শুক্রাণুর স্বাস্থ্য এবং পিসিওএস, থাইরয়েড বা এন্ডোমেট্রিওসিসের মতো শারীরিক সমস্যার ওপর নির্ভর করে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী কোনো নারী নিয়মিত চেষ্টার পরও এক বছর (১২ মাস) গর্ভধারণ করতে না পারলে বন্ধ্যত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আর বয়স ৩৫ বা তার বেশি হলে মাত্র ছয় মাস চেষ্টা করেও সফল না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়েরই স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।

পরিশেষে বলা যায়, ৩০ বছর বয়সকে মাতৃত্বের শেষ সময়সীমা ভাবার কোনো কারণ নেই। সঠিক জীবনযাপন ও সচেতন পরিকল্পনার মাধ্যমে এই বয়সেও সুস্থ মাতৃত্ব উপভোগ করা সম্ভব।

আরও পড়ুন