EN ☀️
×

Follow Us

জীবনযাপন

জমি কেনার আগে যেসব কাগজ যাচাই জরুরি

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

জমি কেনার আগে যেসব কাগজ যাচাই জরুরি

ছবি: সংগৃহীত

অ অ

জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এক টুকরো জমি বা ফ্ল্যাট কেনা অনেকের কাছেই সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু বাংলাদেশে বহু মানুষ জমিজমার পরিভাষা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। আর এই অজ্ঞতার সুযোগটিই নেয় দালাল ও প্রতারক চক্র। ফলে জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়ে দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েন অনেক ক্রেতা।

জমি কেনাবেচার এমন অনাকাঙ্ক্ষিত ঝামেলা ও প্রতারণা এড়াতে খতিয়ান, দাগ নম্বর, দলিল ও নামজারি কী এবং ঘরে বসেই এসব তথ্য কোথায়, কীভাবে যাচাই করা যায়—তা সহজ ভাষায় তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

খতিয়ান বা পর্চা কী? (সিএস, এসএ, আরএস ও বিএস)

জমির মালিকানা, সীমানা ও বিবরণ সংবলিত সরকারি হিসাবকে ‘খতিয়ান’ বলে। জরিপের সময় ভূমি অফিস থেকে জমির মালিককে খতিয়ানের যে অনুলিপি দেওয়া হয়, সাধারণ ভাষায় তাকেই ‘পর্চা’ বলা হয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে চার ধরনের খতিয়ান দেখা যায়:

• সিএস খতিয়ান: এটি উপমহাদেশের প্রথম জরিপ (১৮৮৮-১৯৪০)। জমির আদি মালিকানা বা ইতিহাস যাচাইয়ে এটি মূল ভিত্তি হিসেবে কাজ করে।

• এসএ খতিয়ান: জমিদারি প্রথা বিলুপ্তির পর ১৯৫৬ থেকে ১৯৬২ সালের মধ্যে তড়িঘড়ি করে এই জরিপ করা হয়।

• আরএস খতিয়ান: সিএস ও এসএ জরিপের ভুলত্রুটি সংশোধনের জন্য পরবর্তীতে যে জরিপ করা হয়, তাই আরএস খতিয়ান। দেশের অধিকাংশ এলাকায় জমির মালিকানা প্রমাণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• বিএস বা সিটি জরিপ: ১৯৯০ সালের পর থেকে চলমান সর্বশেষ জরিপকে বিএস বা ঢাকা মহানগরের ক্ষেত্রে ‘সিটি জরিপ’ বলা হয়। জমি কেনার আগে বিক্রেতার নামে সর্বশেষ জরিপের পর্চা বা নামজারি খতিয়ান আছে কি না, তা অবশ্যই দেখতে হবে।

মৌজা, জেএল নম্বর ও দাগ নম্বর

ভূমি প্রশাসনের ভাষায় একটি নির্দিষ্ট এলাকা বা গ্রামকে ‘মৌজা’ বলা হয়। প্রতিটি মৌজাকে আলাদাভাবে চেনার জন্য সরকার একটি ক্রমিক নম্বর দেয়, যাকে জেএল নম্বর বা জুরিসডিকশন লিস্ট নম্বর বলে। দলিল বা পর্চার একদম ওপরের অংশে মৌজার নামের পাশেই এই নম্বর লেখা থাকে।

অন্যদিকে, একটি মৌজার ভেতরে থাকা প্রতিটি আলাদা জমি বা প্লটকে মানচিত্রে চিহ্নিত করার জন্য যে নম্বর দেওয়া হয়, তাকে দাগ নম্বর বলে। জরিপের সময় কোনো দাগ বাদ পড়ে গেলে বা পরে যুক্ত হলে মূল দাগের নিচে আরেকটি নম্বর বসিয়ে তা লেখা হয় (যেমন- ১০৫/৪২০), একে ‘বাটা দাগ’ বলে। জমি কেনার আগে মৌজা ম্যাপের সাথে বাস্তবের জমির দাগ ও সীমানা মিলিয়ে নেওয়া জরুরি।

দলিল ও বায়া দলিল যাচাই

জমি হস্তান্তরের প্রধান আইনি প্রমাণপত্র হলো ‘দলিল’। আইন অনুযায়ী, দলিল সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত না হলে বৈধ মালিকানা তৈরি হয় না। জমি কেনার সময় শুধু বিক্রেতার দলিল দেখলেই চলবে না, বরং ওই জমিটি আগে যাদের হাতবদল হয়েছে, সেই পূর্ববর্তী দলিলগুলোও দেখতে হবে। এই আগের দলিলগুলোকে বলা হয় বায়া দলিল বা পিঠ দলিল। এর মাধ্যমে মালিকানার ধারাবাহিকতা যাচাই করা যায়।

নামজারি ও খাজনা কেন জরুরি?

জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর সরকারি রেকর্ডে আগের মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াই হলো ‘নামজারি’ বা মিউটেশন। বর্তমান নিয়ম অনুযায়ী, বিক্রেতার নিজ নামে নামজারি খতিয়ান না থাকলে তিনি জমি বিক্রি করতে পারবেন না। আবার জমি কেনার পর ক্রেতা দ্রুত নামজারি না করলে আগের মালিক জমিটি পুনরায় অন্যত্র বিক্রি করে দেওয়ার সুযোগ পান।

এ ছাড়া জমির মালিকানা টিকিয়ে রাখতে প্রতি বছর সরকারকে ভূমি উন্নয়ন কর বা ‘খাজনা’ দিতে হয়। জমি কেনার আগে বিক্রেতা হালনাগাদ খাজনা পরিশোধ করেছেন কি না, তার রসিদ বা ‘দাখিলা’ দেখে নিতে হবে।

কোথায় ও কীভাবে তথ্য যাচাই করবেন?

ডিজিটাল ব্যবস্থার ফলে এখন আর জমির প্রাথমিক তথ্য জানতে দালাল ধরতে হয় না। ঘরে বসেই অনলাইনে এবং নির্দিষ্ট সরকারি দপ্তরে গিয়ে সহজেই সব তথ্য যাচাই করা সম্ভব:

১. অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ যাচাই: ভূমি মন্ত্রণালয়ের ই-পর্চা পোর্টালে প্রবেশ করে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ান বা দাগ নম্বর দিয়ে জমির মালিকানার তথ্য ও নকশা দেখা যায়। অনলাইনে খতিয়ানের কপি তুলতে ১০০ টাকা এবং ডাকযোগে সার্টিফাইড কপি পেতে ১৪০ টাকা সরকারি ফি লাগে।

২. ই-নামজারি ও খাজনা যাচাই: নামজারির আবেদন করতে বা বর্তমান অবস্থা জানতে ই-নামজারি পোর্টাল ব্যবহার করতে হয়। অনলাইনে নামজারির মোট সরকারি খরচ ১ হাজার ১৭০ টাকা। এ ছাড়া ভূমি উন্নয়ন কর পোর্টাল থেকে জমির খাজনা পরিশোধের তথ্য যাচাই করা যায়।

৩. সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি: জমিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালিয়ে ‘নির্দায় সনদ’ বা এনইসি সংগ্রহ করতে হবে।

৪. স্থানীয় ভূমি অফিস ও হটলাইন: জমিটি সরকারি খাস, অর্পিত (ভিপি) বা ওয়াকফ সম্পত্তি কি না, তা ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিস থেকে যাচাই করে নিন। এ ছাড়া জমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৬১২২ নম্বরে কল করে সরাসরি সরকারি সহায়তা নেওয়া যায়।

কাগজপত্র শতভাগ সঠিক থাকার পরও জমি কেনার আগে অবশ্যই সরেজমিনে গিয়ে জমির দখল, চারপাশের সীমানা এবং প্রতিবেশীদের সাথে কথা বলে মালিকানার বিষয়ে নিশ্চিত হতে হবে। একটু সচেতনতা আর প্রাথমিক তথ্যগুলো জানা থাকলে জমি কেনার মতো বড় বিনিয়োগে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন