EN ☀️
×

Follow Us

জীবনযাপন

অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন চিনবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

অনলাইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন চিনবেন যেভাবে

অনলাইনে চাকরির বিজ্ঞাপনে অগ্রিম টাকা চাইলেই সতর্ক হোন। প্রতীকী ছবি

অ অ

বর্তমান ডিজিটাল যুগে চাকরি খোঁজার ধরন অনেকটাই বদলে গেছে। পত্রিকার পাতার বদলে এখন ফেসবুক, লিংকডইন কিংবা বিভিন্ন জব পোর্টালই চাকরিপ্রার্থীদের প্রধান ভরসা। তবে প্রযুক্তির এই সহজলভ্যতার সুযোগ নিচ্ছে এক শ্রেণির প্রতারক চক্র। আকর্ষণীয় বেতন আর ঘরে বসে কাজের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে চাকরিপ্রার্থীদের কষ্টার্জিত অর্থ ও ব্যক্তিগত তথ্য। একটু সচেতন হলেই এ ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

টাকা চাইলেই সতর্ক হোন

ভুয়া চাকরির বিজ্ঞাপন চেনার সবচেয়ে বড় উপায় হলো আর্থিক লেনদেনের প্রস্তাব। মনে রাখতে হবে, কোনো বৈধ ও প্রতিষ্ঠিত কোম্পানি চাকরির আবেদন, ফরম পূরণ, ইন্টারভিউ কিংবা প্রশিক্ষণের নামে কখনোই অগ্রিম টাকা বা জামানত চায় না। যদি কোনো প্রতিষ্ঠান বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে, তবে নিশ্চিতভাবে সেটি একটি প্রতারণার ফাঁদ।

অবাস্তব বেতনের প্রলোভন

সাধারণ শিক্ষাগত যোগ্যতায় কিংবা দৈনিক মাত্র এক-দুই ঘণ্টা ডেটা এন্ট্রি বা অনলাইন কাজের বিনিময়ে মাসে ৪০-৫০ হাজার টাকা আয়ের বিজ্ঞাপনগুলো মূলত প্রতারণার টোপ। বাজারের প্রচলিত বেতন কাঠামোর চেয়ে অস্বাভাবিক বেশি সুযোগ-সুবিধার প্রস্তাব দেখলে আবেগতাড়িত না হয়ে বাস্তবতা যাচাই করা জরুরি।

যোগাযোগের মাধ্যম ও তথ্যের অসংগতি

স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিজস্ব ডোমেইনের অফিশিয়াল ইমেইল ব্যবহার করে। কিন্তু প্রতারকরা সাধারণত ব্যক্তিগত জিমেইল বা ইয়াহু অ্যাকাউন্ট থেকে মেইল পাঠায়। এ ছাড়া বিজ্ঞাপনে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট অফিসের ঠিকানা, ল্যান্ডলাইন নম্বর বা ওয়েবসাইটের উল্লেখ না থাকলে তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি কোনো আনুষ্ঠানিক পরীক্ষা বা সরাসরি সাক্ষাৎকার ছাড়াই শুধু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নিয়োগপত্র দিয়ে দেওয়া ভুয়া চাকরির অন্যতম লক্ষণ।

ভাষাগত ভুল ও তথ্যের অপব্যবহার

ভুয়া বিজ্ঞাপন বা তাদের পাঠানো নিয়োগপত্রে প্রায়ই প্রচুর বানান ভুল, অসামঞ্জস্যপূর্ণ বাক্য এবং অপেশাদার ভাষা লক্ষ করা যায়। এ ছাড়া চাকরিতে যোগদানের আগেই ব্যাংক অ্যাকাউন্টের গোপন পিন, ওটিপি বা জাতীয় পরিচয়পত্রের সংবেদনশীল তথ্য চাইলে কোনোভাবেই তা দেওয়া উচিত নয়।

কীভাবে নিরাপদ থাকবেন?

যেকোনো বিজ্ঞাপনে আবেদন করার আগে গুগলে প্রতিষ্ঠানটির নাম লিখে ভালোভাবে খোঁজ নিন। তাদের অফিশিয়াল ওয়েবসাইটের ‘ক্যারিয়ার’ পেজ এবং লিংকডইন প্রোফাইল যাচাই করে দেখুন সেখানে আদৌ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না। সামাজিক যোগাযোগমাধ্যমের অপরিচিত পেজ বা গ্রুপের বদলে পরিচিত ও বিশ্বস্ত জব পোর্টালগুলোর মাধ্যমে আবেদন করাই সবচেয়ে নিরাপদ।

আরও পড়ুন