সেন্ট মার্টিনগামী জাহাজে ভ্রমণের আগে জানুন জরুরি তথ্য।
চলতি মৌসুমে ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত থেকে ফিরতে জনপ্রতি সর্বনিম্ন ৯ থেকে ১০ হাজার টাকা লাগতে পারে। ভ্রমণের আগে খরচের হিসাব, জাহাজ, টিকিট ও থাকার খুঁটিনাটি জেনে নিলে ঝামেলা কমবে।
খরচের হিসাব
ঢাকা–কক্সবাজার নন-এসি বাসে যাওয়া-আসা ২ হাজার ৪০০ টাকা, জাহাজের টিকিট ৩ হাজার ৬০০, ইকোনমি হোটেলে এক রাত ১ হাজার ৫০০, ছয় বেলা খাবার ১ হাজার ২০০, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ এবং স্থানীয় যাতায়াত ৫০০ টাকা। মোট ৯ হাজার ৩০০ টাকা। কেনাকাটা ও ব্যক্তিগত খরচ আলাদা।
জাহাজ ও টিকিট
এ মৌসুমে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ চলছে। আরও কয়েকটি জাহাজ অনুমতির অপেক্ষায়। জাহাজের ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যায়। আসনভেদে যাওয়া-আসার ভাড়া ৩ হাজার ৬০০ থেকে ২৫ হাজার টাকা। শেষ মুহূর্তের ঝুঁকি এড়াতে আগেভাগে টিকিট কাটাই ভালো।
ফি ও ট্রাভেল পাস
প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। ট্রাভেল পাসও লাগবে, তবে আলাদা নিবন্ধন করতে হবে না। টিকিট বুকিংয়ের পর জাহাজ কর্তৃপক্ষই তা সেরে দেবে।
থাকার ব্যবস্থা
দ্বীপে ২৩০টির বেশি হোটেল ও রিসোর্ট আছে, তবু আগেভাগে বুকিং দেওয়া ভালো। এক রাতের ভাড়া প্রিমিয়ামে ৮ থেকে ১২ হাজার, স্ট্যান্ডার্ডে সাড়ে ৪ থেকে ৭ হাজার এবং ইকোনমিতে ২ থেকে সাড়ে ৩ হাজার টাকা। ছুটি ও ব্যস্ত সময়ে ভাড়া বাড়তে পারে।
যাত্রা ও নিয়মকানুন
সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে জাহাজ ছাড়ে, বিকেলে দ্বীপ থেকে ফেরে। সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখুন। পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলুন। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল বা সি-বাইক চালানো নিষিদ্ধ।