বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করে যে কারণে
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
বৃষ্টির দিনে গরম খিচুড়ি। প্রতীকী ছবি
আজ সপ্তাহের শেষ কর্মদিবস, বৃহস্পতিবার। কিন্তু সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এমন দিনে অনেকের মনেই আসে এক প্লেট গরম খিচুড়ির কথা। বাংলাদেশে বৃষ্টি আর খিচুড়ি যেন একে অপরের সঙ্গী। এর পেছনে আছে খাবারের আরাম, রান্নার সুবিধা এবং সামাজিক অভ্যাস।
বৃষ্টির দিনে আবহাওয়া ঠান্ডা ও স্যাঁতসেঁতে থাকে। তখন ধোঁয়া ওঠা গরম খাবার মনে স্বস্তি আনে। নরম ও গরম খিচুড়ি সে চাহিদা মেটায়। তাই একে অনেকে ‘কমফোর্ড ফুড’ হিসেবে দেখেন।
চাল, ডাল ও মসলা একসঙ্গে বসিয়ে দিলেই খিচুড়ি হয়ে যায়। বাইরে বৃষ্টি থাকলে বাজারে যাওয়া বা বেশি আয়োজন করা ঝামেলার। ঘরে যা আছে তা দিয়েই তাই দ্রুত রান্না করা যায়। এই সুবিধাও খিচুড়িকে বৃষ্টির দিনের প্রথম পছন্দ করে তুলেছে।
খিচুড়ির সঙ্গে সাধারণত ডিমভাজা, বেগুনভাজা, আলুভাজা বা আচার জমে যায়। অনেকের কাছে ইলিশ ভাজা বা ইলিশের পদ ছাড়া বর্ষার খিচুড়ি অসম্পূর্ণ। এই পুরো আয়োজনই বৃষ্টির দিনের এক পরিচিত চিত্র।
অনেকের কাছে বৃষ্টির দিনের খিচুড়ি মানে ছোটবেলার স্মৃতি। মা বা দাদি-নানির রান্না, পরিবারের সবার একসঙ্গে বসে খাওয়ার দৃশ্য মনে পড়ে যায়। বৃষ্টিতে অফিস বা স্কুল ছুটি হলে এই আয়োজন আরও জমে ওঠে।
বৃষ্টির দিনে ঘরে বসে থাকার মেজাজ তৈরি হয়। বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডার ফাঁকে খিচুড়ি রান্না তাই একধরনের উদ্যাপনের মতো হয়ে দাঁড়ায়।