EN ☀️
×

Follow Us

জীবনযাপন

জিরো ফিগার নয়, জেন-জি চায় জিরো স্ট্রেস

ওজন কমানো বা জিরো ফিগারের দৌড় ছেড়ে নতুন প্রজন্ম এখন মানসিক প্রশান্তি, শারীরিক শক্তি ও বডি পজিটিভিটিকেই ফিটনেসের মাপকাঠি ধরছে

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

জিরো ফিগার নয়, জেন-জি চায় জিরো স্ট্রেস

ছবি: সান গ্রাফিক

অ অ

ফিটনেস বা ব্যায়াম বললেই একসময় চোখের সামনে ভেসে উঠত জিরো ফিগার, ওজন কমানো কিংবা সিক্স-প্যাক অ্যাবসের তীব্র প্রতিযোগিতা। তবে বর্তমান তরুণ প্রজন্ম, যাদের ‘জেন-জি’ নামে ডাকা হয়, তারা এই চেনা সমীকরণটি পুরোপুরি বদলে দিচ্ছে।

চিকন হওয়া বা পেশিবহুল শরীর তৈরির চেয়ে দৈনন্দিন কাজে শরীর যাতে শক্তি পায়— যাকে বলে ‘ফাংশনাল ফিটনেস’— সেটাই এখন জেন-জি’র প্রথম পছন্দ। হেলথলাইন ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, নতুন প্রজন্ম জিমকে আর কেবল ক্যালোরি বার্নের জায়গা মনে করে না। তারা এমন ব্যায়াম পছন্দ করছে যা মানসিক চাপ কমায় এবং হাড় ও পেশির কার্যক্ষমতা বাড়ায়। কত বেশি ওজন তুলতে পারছে বা কতক্ষণ একটানা দৌড়াতে পারছে— সেটিই এখন তাদের সফলতার মাপকাঠি।

যুক্তরাষ্ট্রের ফিটনেস চেইন ‘অরেঞ্জথিওরি ফিটনেস’- এর প্রধান বিজ্ঞান কর্মকর্তা ডা. রাশায়েল রদ্রিগেজ ফোর্বস ম্যাগাজিনকে জানিয়েছেন, জেন-জি ব্যায়ামকে মানসিক স্বাস্থ্যের উন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তীব্র প্রতিযোগিতার এই সময়ে তরুণদের মানসিক চাপ অনেক বেশি। ব্যায়ামের পর শরীরে নিঃসরিত এন্ডোরফিন বা ‘হ্যাপি হরমোন’ দিয়ে মেজাজ ফুরফুরে রাখাই তাদের মূল লক্ষ্য।

না খেয়ে ‘ক্র্যাশ ডায়েট’ করার ঘোর বিরোধী জেন-জি। নিউজিল্যান্ডের ‘লেস মিলস’- এর বৈশ্বিক গবেষণা বলছে, তরুণ প্রজন্ম সাপ্লিমেন্ট বা কঠোর ডায়েটের চেয়ে ঘরে তৈরি সুষম খাবার, প্রোটিন ও প্রাকৃতিক পুষ্টির ওপর বেশি জোর দিচ্ছে। স্বাস্থ্য কমাতে খাবার বাদ দেওয়াকে তারা বোকামি মনে করে।

একঘেয়ে ব্যায়াম জেন-জি’র পছন্দ নয়। ফিটনেস অ্যাপ, স্মার্টওয়াচ ও গেমসের সাহায্যে নিজেদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা। জিমের চার দেয়ালের বদলে বাইরে দৌড়ানো, সাইক্লিং, হাইকিং বা জুম্বায় মেতে থাকছে এই প্রজন্ম।

সোশ্যাল মিডিয়ায় তৈরি ‘পারফেক্ট বডি’র ধারণাকে বুড়ো আঙুল দেখাচ্ছে জেন-জি। নিজের শরীরকে যেমন আছে তেমনভাবেই ভালোবাসতে শিখছে তারা। তাদের আসল লক্ষ্য— ভেতর থেকে শক্তিশালী ও নীরোগ থেকে দীর্ঘ ও সুস্থ কর্মক্ষম জীবন পাওয়া।

ওজন মাপার কাঁটা কত কমলো তা নিয়ে জেন-জি’র মাথাব্যথা নেই। তাদের কাছে আসল ফিটনেসের মানে— ঘুম থেকে উঠে সতেজ বোধ করা, সারাদিন এনার্জি ধরে রাখা আর রাতে একটি দুশ্চিন্তামুক্ত ঘুম।


আরও পড়ুন