EN ☀️
×

Follow Us

জীবনযাপন

গরমে মন বিগড়ায় কেন, জানুন কারণ

অতিরিক্ত গরমে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, যা উদ্বেগ ও মানসিক অস্থিরতা তৈরি করে

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

গরমে মন বিগড়ায় কেন, জানুন কারণ

ছবি: সংগৃহীত

অ অ

গ্রীষ্মের দাবদাহে শুধু শরীর নয়, মনও ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই লক্ষ্য করেন, তীব্র গরমে মেজাজ খিটখিটে হয়ে যায়, ছোট বিষয়েও রাগ আসে, কাজে মনোযোগ বসে না। এটি কি শুধু অনুভূতি, নাকি এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে?

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে মানসিক চাপের সরাসরি সম্পর্ক রয়েছে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে মস্তিষ্ককে অতিরিক্ত কাজ করতে হয়, ফলে স্বাভাবিক চিন্তা ও আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা কমে যায়। অতিরিক্ত গরমে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, যা উদ্বেগ ও মানসিক অস্থিরতা তৈরি করে।

গরমে ঘুমের মান উল্লেখযোগ্যভাবে কমে যায়। রাতে ঘুম না হলে পরদিন মেজাজ খারাপ থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং সামান্য চাপেও মানুষ ভেঙে পড়েন। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে বিষণ্নতা ও উদ্বেগের ঝুঁকিও বাড়ে।

গরমে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। সামান্য পানিশূন্যতাও মস্তিষ্কের কার্যক্ষমতায় প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, মাত্র দুই শতাংশ পানিশূন্যতাতেই মনোযোগ কমে, বিরক্তি বাড়ে এবং উদ্বেগ তীব্র হয়।

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং বাইরে বের হলে সঙ্গে পানি রাখুন। দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। ঘর ঠান্ডা রাখতে পর্দা ব্যবহার করুন। হালকা ও সহজপাচ্য খাবার খান। রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন, যাতে ঘুমের মান ভালো থাকে। এ ছাড়া সকাল বা সন্ধ্যায় হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

দীর্ঘদিন ধরে অতিরিক্ত বিরক্তি, ঘুমের সমস্যা বা মনোযোগহীনতা থাকলে তা উপেক্ষা করা উচিত নয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

গরমকে এড়ানো সম্ভব না হলেও সচেতন জীবনযাপনের মাধ্যমে এর মানসিক প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন