ঈদের ছুটিতে রাজধানীতে শিশুদের নিয়ে যেখানে যেতে পারেন
জেনে নিন শীর্ষ ৫ বিনোদন কেন্দ্রের খোঁজ
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
শিশুদের কাছে ঈদ মানেই অনাবিল আনন্দ। নতুন জামা-জুতার পাশাপাশি এই সময়ে তারা কর্মজীবী বাবা-মাকে একসঙ্গে কাছে পায়, ফলে তাদের খুশির পারদ থাকে তুঙ্গে। আর ঈদের এই লম্বা ছুটিতে ঢাকার বাইরে যাওয়ার সুযোগ না হলেও, ঘরের ছোট সদস্যদের নিয়ে রাজধানীর বুকেই ঘুরে আসতে পারেন চমৎকার কিছু বিনোদন কেন্দ্রে।
সামরিক জাদুঘর, থ্রিডি আর্ট গ্যালারি ও নভোথিয়েটার। একই এলাকায় তিনটি ভিন্নধর্মী অভিজ্ঞতার স্বাদ নিতে চলে যেতে পারেন বিজয়সরণীতে।
বাংলাদেশ সামরিক জাদুঘর: ১০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই জাদুঘরে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্রের পৃথক ছয়টি সেকশন রয়েছে। প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা।
থ্রিডি আর্ট গ্যালারি: সামরিক জাদুঘরলাগোয়া এই গ্যালারিতে সমুদ্র, পাহাড়, ঝরনা, নভোযানসহ চমৎকার সব থ্রিডি দৃশ্য আঁকা রয়েছে, যা শিশুদের দারুণ আনন্দ দেবে।
নভোথিয়েটার: সন্তানকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এটি সেরা পছন্দ। এখানে রয়েছে ৫ডি মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, ডিজিটাল প্রদর্শনী এবং সৌরজগতের চমৎকার সব আয়োজন।
প্রাকৃতিক মনোরম পরিবেশে পশুপাখিদের সরাসরি দেখার জন্য মিরপুর ১ নম্বরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা অন্যতম সেরা স্থান। মাত্র ৫০ টাকার টিকিটে শিশুরা এখানে বাঘ, সিংহ, হরিণসহ অসংখ্য প্রাণীর দেখা পাবে। এছাড়া ভেতরে ‘শিশুপার্ক’ নামে আলাদা খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। তবে চিড়িয়াখানায় ঘোরার সময় শিশুদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখতে হবে।
শিশুদের বিনোদনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি নাম শ্যামলীর ‘শিশু মেলা’। এখানে রয়েছে ট্রেন, কৃত্রিম পাহাড়সহ হরেক রকমের রাইড। ঈদের ছুটিতে এটি সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে। শিশু মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা এবং ভেতরের প্রতিটি রাইডের জন্য আলাদাভাবে ৫০ টাকার টিকিট কাটতে হয়।
তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে অবস্থিত এই জাদুঘরটি শিশু ও বড়দের ঘোরার জন্য দারুণ এক জায়গা। এখানে হান্টার বিমান, এন-২৪ বিমান, এফ-৮৬ যুদ্ধবিমানসহ আসল সব যুদ্ধবিমান ও হেলিকপ্টার দেখার সুযোগ রয়েছে। বিমান দেখার পাশাপাশি শিশুরা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দেখতে পারবে এবং ট্রেন ও রাইডে চড়তে পারবে। জাদুঘরে প্রবেশমূল্য মাত্র ২০ টাকা, তবে রাইডগুলোর জন্য আলাদা টিকিট লাগবে।
যাঁরা রোদের মধ্যে বাইরে ঘুরতে চান না, তাঁরা চলে যেতে পারেন পান্থপথের বসুন্ধরা সিটিতে অবস্থিত ‘টগি ফান ওয়ার্ল্ড’-এ। এটি দেশের অন্যতম বৃহৎ ইনডোর গেমিং জোন। এখানে শিশুদের জন্য হরেক রকম রাইডের পাশাপাশি রয়েছে চমৎকার সব ভার্চুয়াল গেমসের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। শিশুদের পাশাপাশি এই আধুনিক গেমিং জোনটি বড়দেরও সমানভাবে বিনোদিত করবে।
ঈদের এই আনন্দময় দিনগুলোতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং শিশুদের মুখে হাসি ফোটাতে আপনার সুবিধাজনক যে-কোনো একটি বিনোদন কেন্দ্র বেছে নিয়ে সপরিবারে ঘুরে আসতে পারেন আজই।