সেভেন-আপ নিয়ে মামলা, আদালতে হাজিরার নির্দেশ সিমিন রহমানকে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
কোমল পানীয় ‘সেভেন-আপ এক্সট্রা ফিজ’-এ নিম্নমানের উপাদান ও অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি এবং মোড়কজাতকরণে অনিয়মের অভিযোগে করা মামলায় ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর তাকে আদালতে সশরীরে হাজির হতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালত এ নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর খিলগাঁওয়ের ‘ব্রাদার্স কম্পিউটার্স অ্যান্ড কনফেকশনারি’ থেকে ২০০ মিলিলিটারের তিনটি ‘সেভেন-আপ এক্সট্রা ফিজ’ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্ধারিত ছয়টি মানদণ্ডের মধ্যে তিনটিতে পণ্যটি উত্তীর্ণ হতে পারেনি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং কর্মকর্তা মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, পানীয়টি উৎপাদন ও বাজারজাত করার সময় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম রাসায়নিক ও রাসায়নিক মিষ্টিকারক ব্যবহার করা হয়েছে। পণ্যের লেবেলে ‘চিনি নেই, তবে নন-নিউট্রিটিভ সুইটনার আছে’ লেখা থাকলেও অক্ষরের আকার এত ছোট রাখা হয়েছে যে তা খালি চোখে সহজে দেখা বা পড়া যায় না। অভিযোগে একে ‘মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭’ এবং ‘পণ্য মোড়কজাতকরণ বিধিমালা, ২০২১’-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে, পরীক্ষাগারের প্রতিবেদনে পানীয়টিকে ‘মানসম্পন্ন নয়’ ও ‘নিরাপদ নয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের পানীয় নিয়মিত সেবনে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।
এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬, ২৭, ৩২(ক), ৪১ ও ৪২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে আইনের ৫৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার আবেদনে জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্সকমের ‘সেভেন-আপ ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজ’-এর ৮৭৪ নম্বর ব্যাচসহ এ ধরনের ক্ষতিকর পানীয় সারা দেশের বাজার ও দোকান থেকে বাজেয়াপ্ত এবং প্রত্যাহারের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে সিমিন রহমানকে আগামী ১৬ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বক্তব্য পাওয়া যায়নি।