আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হট্টগোল
আদালতকক্ষের বাইরে দুই পক্ষের হাতাহাতি, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে আদালতকক্ষের বাইরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতিও হয়।
রবিবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে এ ঘটনা ঘটে। শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় আখতারুজ্জামানকে আদালতে তোলা হয়। পরে বেলা ২টা ৪০ মিনিটের দিকে জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এজলাসের ভেতরেই ধাক্কাধাক্কি শুরু হলে বিচারক এজলাস থেকে নেমে যান।
কয়েক মিনিট পর রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বেলা ২টা ৪৫ মিনিটে বিচারক আবার এজলাসে ওঠেন।
এ সময় আখতারুজ্জামান আদালতের উদ্দেশে বলেন, তার পক্ষে ১০ জন আইনজীবী শুনানি করবেন—এ জন্য তিনি অনুমতি চান।
পরে শুনানি শেষে আদালতের সামনের রাস্তায়ও দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। কয়েক মিনিট ধরে চলা এ পরিস্থিতি পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
যেভাবে গ্রেপ্তার আখতারুজ্জামান
বিমানবন্দরের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এর আগে গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ও ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে বিষয়টি হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।