পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
ছবি: সংগৃহীত
মধ্য পেরুতে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর চূপাকা শহরের কাছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চংগোস বাজো জেলা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সব ঘটনাই এ জেলায় ঘটেছে। তবে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ভূমিকম্পে কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তারা নিখোঁজদের খোঁজ, উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স