গায়ানায় ফেরি ডুবি, জীবিত উদ্ধার ৬৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১১৬ আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৫ শিশুসহ ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে এমভি বারিমা নামের ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইটুমার উদ্দেশে যাত্রা করে। রাত ১১টার কিছু পর ফেরিটি থেকে বিপদসংকেত পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়।
গায়ানা ডিফেন্স ফোর্সের কোস্ট গার্ড ও এয়ার কর্পসের পাশাপাশি বেসরকারি বিমান, মাছ ধরার নৌযান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নেন।
গায়ানার জনপূর্তমন্ত্রী হুয়ান এডগিল জানান, প্রাথমিক তদন্তে ফেরিটির ইঞ্জিন বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি। অতিরিক্ত যাত্রী বা মালামালও ছিল না। তার দাবি, জোয়ারের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, ফেরিটির অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৩৯৭ যাত্রী ও ২৮৪ টন পণ্য। দুর্ঘটনার সময় এতে ২৬৮ টন পণ্য ছিল। এছাড়া ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি লাইফবোট এবং ছয়টি ইনফ্ল্যাটেবল লাইফ র্যাফট ছিল।
গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান এলাকা ৪০০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটার করা হয়েছে। অতিরিক্ত বিমান ও নৌযান মোতায়েনের পাশাপাশি স্থানীয় জেলেদেরও উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া ৬৭ জনের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে।
সূত্র: রয়টার্স