মহাকাশে পাকিস্তানি নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন শাহবাজ শরিফ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম
ছবি: সংগৃহীত
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথোপকথন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।
শনিবার (২৮ নভেম্বর) ইসলামাবাদে স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) সদর দপ্তর থেকে এ কথোপকথনে অংশ নেন তিনি। এ সময় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন উইং কমান্ডার জিশান আলী। গত ২৫ নভেম্বর চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিনি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন। লং মার্চ-২এফ রকেটে মহাকাশযানটি চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে তিনি পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি এবং চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে নতুন ইতিহাস গড়েন।
মহাকাশ মিশনে জিশান আলী বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত চারটি গবেষণা পরীক্ষা। উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এসব গবেষণা পরিচালিত হচ্ছে।
মহাকাশে অবস্থানরত নভোচারীর সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অর্জনকে পাকিস্তানের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ মিশন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
এ ঐতিহাসিক অর্জন সম্ভব করায় চীনের সহযোগিতার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি সুপারকো, দেশটির বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তিনি। শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এ সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে।
এ সময় ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও নভোচারীকে অভিনন্দন জানান। তিনি চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারীর উপস্থিতিকে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের গর্বিত নিদর্শন হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব হিমালয়ের চেয়েও উঁচু এবং সমুদ্রের চেয়েও গভীর—এ কথা প্রচলিত রয়েছে। এবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে সেই বন্ধুত্ব মহাকাশের সীমানাও ছাড়িয়ে গেছে।
এ মিশনের মধ্য দিয়ে মহাকাশে মানুষ পাঠানো, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তান-চীন সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে যৌথ মহাকাশ গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।