হ্যাকিংয়ের শিকার মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এতে সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে সামরিক কৌশল, জনবল ও সরবরাহ ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য।
শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে এ খবর প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানান, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির সিস্টেম উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে। এরপর ক্লাউড ওয়ানের কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে, কতটা ক্ষতি হয়েছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি বা দুর্বলতা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
২০১৭ সালে চালু হয় ক্লাউড ওয়ান। বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন এক জায়গা থেকে পূরণ করাই ছিল এর উদ্দেশ্য। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তিগত সম্পদ নিয়ে এটি পরিচালিত হয়। জনবল ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত অ্যাপ্লিকেশন এ প্ল্যাটফর্মের আওতায় রয়েছে।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষা রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে। এ ছাড়া রয়েছে থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশন সিস্টেম। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে এই ব্যবস্থা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সাইবার কমান্ড।
হ্যাকিংয়ের পর ক্লাউড ওয়ানে নতুন অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে। আগে থেকে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রয়েছে। ফলে সফটওয়্যারের নতুন দুর্বলতা শনাক্ত হলেও সেগুলো সংশোধনের কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, হ্যাকাররা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেনে’ প্রবেশ করে। এটি ক্লাউড ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করে। এতে প্রবেশাধিকার পেলে সামরিক বিমানের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে পাঁচজন সংশ্লিষ্ট ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।