EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে শত্রুর প্রবেশ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

হরমুজ প্রণালিতে শত্রুর প্রবেশ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য। একই সঙ্গে এই জলপথে শত্রুপক্ষের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কোসারি এসব কথা বলেন।

কোসারি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই করে আসছে। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতা কাজে লাগিয়েই মার্কিন নৌ-অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ভয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন এই সংসদ সদস্য।

সাক্ষাৎকারে প্রতিবেশী দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দেন কোসারি। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে এর বড় ধরনের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট দেশগুলোকে দিতে হবে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বিদেশি সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

কোসারি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে কোনো দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ দিলে এর দায়ভার ওই দেশকেই নিতে হবে। এমনকি ইরানে হামলার জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলেও তেহরান তার কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন