EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আরবের জাজান তেল শোধনাগারে হামলা, নিহত ১

গত আগস্টে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ২ হাজার ৩৬১ জন নিহত এবং ১০ হাজার ৯৮২ জন আহত হয়েছেন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ এএম

সৌদি আরবের জাজান তেল শোধনাগারে হামলা, নিহত ১

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় নেপালের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় কয়েকটি কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ও রয়টার্স।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলার পরপরই জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনার নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।

হামলার দায় কারা নিয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শোধনাগারটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার আগে জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

এর এক দিন আগে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরা এবং লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল হুতিরা। দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটল।

ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জাজান শোধনাগারটির দৈনিক ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।


এদিকে হামলার নিন্দা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলার জবাবে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার পরে জোট দাবি করে, ইয়েমেনের হুদাইদা প্রদেশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে তাদের বাহিনী। জোটের দাবি, ওই স্থাপনা থেকেই জাজান শোধনাগারে হামলা চালানো হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুতিরা।

এদিকে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী বৃহস্পতিবার হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭৬৭টি হামলা চালানোর দাবি করেছে। বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি দাবি করেন, এসব হামলায় ১১৭ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্টে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ২ হাজার ৩৬১ জন নিহত এবং ১০ হাজার ৯৮২ জন আহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, একই সময়ে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন