৪ জনের অবস্থা আশংকাজনক
ব্যাংককের তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ব্যাংককের ফ্রা খানং শোধনাগারে এই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ছবি: বিবিসি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা।
স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ব্যাংককের পূর্বাঞ্চলে জ্বালানি জায়ান্ট ‘বাংচাক কর্পোরেশন’ পরিচালিত ফ্রা খানং শোধনাগারে এই বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।
বিস্ফোরণের পর ব্যাংককের আকাশে কালো ধোঁয়া দেখা যায় এবং কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ব্যাংকক কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক সতর্কবার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করা হলেও সাধারণ মানুষকে ওই স্থানটি এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোধনাগারের ওপর থেকে আগুনের শিখা ও ধোঁয়া ওঠার ভিডিও ক্লিপ শেয়ার করেছেন।
শহর পরিচালিত এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, তারা চারজন অত্যন্ত গুরুতর এবং তিনজন তুলনামূলক কম গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছে।
বাংচাক কর্পোরেশন জানিয়েছে, তারা ওই কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দিয়েছে, যা প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল পর্যন্ত তেল পরিশোধন করতে সক্ষম। ব্যাংকক থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিমি) দূরে চোনবুরি প্রদেশে কোম্পানিটির দ্বিতীয় আরেকটি শোধনাগার রয়েছে, যার দৈনিক পরিশোধন ক্ষমতা প্রায় ১ লাখ ৮০ হাজার ব্যারেল।
এর আগে ২০১২ সালের জুলাই মাসেও ব্যাংককের এই শোধনাগারে একটি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।