ভারতীয়দের জন্য বিজনেস ভিসা সহজ করতে চায় চীন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ভারতীয় নাগরিকদের বিজনেস (ব্যবসায়িক) ভিসা দেওয়া সহজ করতে ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে চীন। সম্প্রতি ভারতীয় আবেদনকারীদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে চীনের কূটনৈতিক মিশনগুলো—এমন খবরের মধ্যে এ প্রস্তাব দিল বেইজিং।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রশ্নের লিখিত জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনের আইন ও বিধি অনুযায়ী যোগ্য বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয়। দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসার ব্যবস্থা সহজ করতে ভারতের সঙ্গে কাজ করতেও চীন প্রস্তুত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে সাংহাইয়ে অনুষ্ঠিত চায়না ইমপোর্ট এক্সপোতে অংশ নিতে যাওয়া ভারতীয় ব্যবসায়ীদের কমসংখ্যক ভিসা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। এরপরই চীনের পক্ষ থেকে এ বক্তব্য এল। প্রতিবছর অনুষ্ঠিত এ বাণিজ্য মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য চীনের ক্রেতাদের সামনে তুলে ধরে।
এদিকে চীন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ বন্ধ করেছে দেশটি। এখন কূটনৈতিক মিশনগুলো সরাসরি ভিসার আবেদন প্রক্রিয়া পরিচালনা করছে। বিশেষ করে ব্যবসায়িক ভিসার চাহিদা বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বছরের জুলাইয়ে পাঁচ বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া আবার শুরু করে ভারত। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে ভিসা দেওয়া আবার শুরু হয়।
এরপর বেইজিং ও নয়াদিল্লিসহ কয়েকটি শহরের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়।
ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে চীনা নাগরিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যানের হার কমে প্রায় ৭ শতাংশে নেমেছে। এতে ব্যবসা ও পর্যটনসংক্রান্ত ভ্রমণ বেড়েছে।
গত বছরের ডিসেম্বরে ভারতে অবস্থিত চীনা দূতাবাস চায়না অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করে। এর মাধ্যমে ভারতীয় নাগরিকেরা অনলাইনে ভিসার আবেদন করতে পারছেন।
গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হয়। ওই বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই নেতা চীন ও ভারতের অংশীদার হওয়ার বিষয়ে একমত হয়েছেন। এই সমঝোতা বাস্তবায়নে দুই পক্ষ কাজ করছে।
মুখপাত্র আরও বলেন, চীন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত ও জোরদার করতে চায়। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ও পুনর্জাগরণে সহযোগিতা এবং বিশ্বশান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী বেইজিং।