EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের উপমন্ত্রী ও তার স্ত্রী নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের উপমন্ত্রী ও তার স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে ‘টাইমস অব ইসরায়েল’ জানায়, একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন।

হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি খালেদ আবু নাদা সংগঠনটির অর্থনীতি ও শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়েও দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে হামলার লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেনি। তারা শুধু জানায়, গাজায় হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

পরে নেতানিয়াহু ও কাৎজ এক যৌথ বিবৃতিতে খালেদ আবু নাদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের ভাষ্য, হামাসের জ্যেষ্ঠ সদস্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তাঁরা। ইসরায়েলি বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে, একই রাতে গাজা সিটির আল-শাতি শরণার্থীশিবিরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের দাবি, ওই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। সব মিলিয়ে রাতভর গাজায় পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তবে আল-শাতি শরণার্থীশিবিরে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, এসব হামলা গাজার পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করে আসছে হামাস।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন