EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মিশরে জ্বালানিবাহী লরিতে আগুন, প্রাণ গেল ৩১ জনের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

মিশরে জ্বালানিবাহী লরিতে আগুন, প্রাণ গেল ৩১ জনের

ছবি: সংগৃহীত

অ অ

মিশরের রাজধানী কায়রোর কাছে জ্বালানিবাহী একটি লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এ সময় ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহনে আগুন ধরে যায়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর পার্শ্ববর্তী গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

মিশরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একই সঙ্গে আগুন যাতে আশপাশের অন্য যানবাহনে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থাও নেন।

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন। উদ্ধারকাজ এবং আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার জন্য কয়েক ডজন অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট কমাতে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে ট্রাফিক বিভাগ।

এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অন্তত ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

আরও পড়ুন