EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চীনের মহাকাশযানে গেলেন পাকিস্তানের প্রথম নভোচারী জিশান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

চীনের মহাকাশযানে গেলেন পাকিস্তানের প্রথম নভোচারী জিশান

জিশান আলী

অ অ

চীনের মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে দুই চীনা নভোচারীর সঙ্গে যাত্রা শুরু করেন তিনি। এই অভিযানে ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে, মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন জিশান। তাঁর দুই সহযাত্রী হলেন মহাকাশযানটির কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ১৮ মিনিট) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝৌ-২৪ উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটির গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন। উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে সিসিটিভি।

৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন পাইলট। এই অভিযানের প্রস্তুতি নিতে তিনি বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন। এ সময় চীনা ভাষা শেখার পাশাপাশি চীনা গান গাওয়া, কবিতা পড়া ও ক্যালিগ্রাফি চর্চা করেছেন। এ ছাড়া টেবিল টেনিসসহ বিভিন্ন ইনডোর খেলায় অংশ নিয়েছেন।

উৎক্ষেপণের কয়েক মিনিট পর সিসিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, তিন নভোচারী একটি নির্দেশিকা ম্যানুয়াল দেখছেন। চ্যানেলটি জানিয়েছে, মহাকাশযানের সব ক্রু সদস্য সুস্থ ও ভালো আছেন।

মহাকাশযাত্রার আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জিশান বলেন, “আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না, দেশের জন্য যাচ্ছি। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।”

জিশানের এই মহাকাশযাত্রাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকে ছাড়িয়ে এখন মহাকাশের পথে এগিয়ে চলেছে।”

চীনা নভোচারীরা সাধারণত মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করেন। সে তুলনায় জিশানের ৫ থেকে ১০ দিনের অবস্থানকাল অনেক কম। তবে পাকিস্তানের জন্য এ অভিযানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হংকংভিত্তিক সংস্থা অরবিটাল গেটওয়ে কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ব্লেইন কার্সিও বলেন, “এটি পাকিস্তানের জন্য মর্যাদা বয়ে এনেছে, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে এবং চীনের সঙ্গে গভীরতর সহযোগিতা ও কূটনৈতিক সদিচ্ছা গড়ে তুলেছে।”

চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশবিষয়ক সহযোগিতা নব্বইয়ের দশকের শুরু থেকেই চলছে। চীন পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানে পাকিস্তানের তৈরি রোভার পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।

আরও পড়ুন