EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনশূন্যতার পথে পৃথিবী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনশূন্যতার পথে পৃথিবী

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বজুড়ে ক্রমেই কমছে জন্মহার। বিপরীতে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এতে অনেক দেশেই জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও পেনশন ব্যবস্থায় তৈরি হচ্ছে নতুন সংকট। কোথাও শিশুর অভাবে বন্ধ হচ্ছে বিদ্যালয়, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে প্রসূতি ওয়ার্ড। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের জনসংখ্যাগত সংকট মোকাবিলায় এখনই কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা।

দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে প্রায় এক লাখ মানুষের বসবাস। দেশটিতে নারীপ্রতি সন্তান জন্মের হার একটিরও কম। সম্প্রতি শহরটির সর্বশেষ প্রসূতি ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। ফলে সন্তান জন্ম দিতে অন্তঃসত্ত্বা নারীদের এখন অন্য এলাকায় যেতে হবে। বিশেষ করে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলে তৈরি হতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি।

একই চিত্র দেখা যাচ্ছে গ্রিসের দ্রাকোত্রিপা গ্রামেও। একসময় গ্রামটিতে তিনটি বিদ্যালয় থাকলেও শিক্ষার্থীর অভাবে ২০২৫ সালে বন্ধ হয়ে গেছে সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়টি। অন্যদিকে, কম জন্মহার ও অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্ট চাপ সামাল দিতে অবসরের বয়স পাঁচ বছর বাড়িয়েছে উরুগুয়ে সরকার।

বিশ্লেষকদের মতে, জন্মহার বাড়াতে বিভিন্ন দেশ নগদ অর্থসহায়তা, করছাড় ও শিশুযত্নে ভর্তুকির মতো নানা উদ্যোগ নিয়েছে। তবে এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি সাফল্য আনতে পারেনি। বিবিসির এক প্রতিবেদনে হাঙ্গেরির উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ব্যাপক আর্থিক প্রণোদনা দেওয়ার পরও দেশটির প্রজনন হার ২০২৫ সালে কমে ১ দশমিক ৩১-এ নেমেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে প্রজনন হার বেড়ে ০ দশমিক ৮০ হলেও জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা ছিল বেশি। ফলে টানা ষষ্ঠ বছরের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় জনসংখ্যা কমেছে দেশটিতে।


এ পরিস্থিতি মোকাবিলায় অভিবাসীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো, প্রয়োজন অনুযায়ী বিদ্যালয় ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একীভূত করা এবং পেনশন ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে বয়স্ক মানুষের দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থায়ন ও জনবল বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকলে অল্পসংখ্যক তরুণের ওপরই বাড়বে অর্থনৈতিক ও সামাজিক দায়িত্বের বোঝা। এতে শ্রমবাজারে সংকট তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে। তাই জন্মহার বাড়ানোর উদ্যোগের পাশাপাশি জনসংখ্যা হ্রাসের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পেনশন ব্যবস্থায় আগাম পরিকল্পনা গ্রহণ করাই এখন দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি ও রয়টার্স।

আরও পড়ুন