চীননীতি নিয়ে তাকাইচির অবস্থানে অসন্তুষ্ট জাপানের ৪০ শতাংশ মানুষ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
চীনের বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির অবস্থানের বিরোধিতা করছেন দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তাকাইচির চীননীতি সমর্থনের চেয়ে বিরোধিতা করা মানুষের সংখ্যা বেশি। জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ৪ শতাংশ মানুষ তাঁর চীনবিষয়ক অবস্থানের বিরোধিতা করেছেন। বিপরীতে, সমর্থন জানিয়েছেন ৩৩ দশমিক ৬ শতাংশ। আর ২৭ দশমিক ৯ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন অথবা কোনো মতামত দেননি।
জিজি প্রেস পরিচালিত এ জরিপের ফলাফলে জাপান ও চীনের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবও উঠে এসেছে। গত বছরের নভেম্বর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের বিষয়ে তাকাইচির মন্তব্যের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে এ উত্তেজনা তৈরি হয়।
এর মধ্যে বুধবার চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তাকাইচি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে করমর্দন হয়।
গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে দেখা গেছে, তাকাইচি মন্ত্রিসভার বিরোধীদের মধ্যে ৭১ দশমিক ৭ শতাংশ তাঁর চীনবিষয়ক অবস্থানকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ১৫ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, তাকাইচি মন্ত্রিসভার সমর্থকদের মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ তাঁর চীননীতির প্রতি সমর্থন জানিয়েছেন। এ অবস্থানের বিরোধিতা করেছেন ২১ দশমিক ৭ শতাংশ।
আগামী পাঁচ বছরে জাপানের জন্য কোন কোন দেশ ও অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—এমন প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল। এতে ৭৩ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেন। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের নাম বলেছেন ৪৮ দশমিক ৯ শতাংশ।
তবে পছন্দের দেশ হিসেবে চীনকে বেছে নিয়েছেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষ চীনকে অপছন্দের দেশ হিসেবে উল্লেখ করেছেন।
জরিপে সাইবার নিরাপত্তা নিয়েও মানুষের মতামত নেওয়া হয়। এতে ৭৬ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা সাইবার নিরাপত্তা জোরদারে সরকারের আরও বেশি সম্পৃক্ততার পক্ষে মত দিয়েছেন। এর বিরোধিতা করেছেন ৯ দশমিক ৫ শতাংশ। আর ১৩ দশমিক ৬ শতাংশ এ বিষয়ে কোনো সুস্পষ্ট মতামত দেননি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের সঙ্গে সঙ্গে অননুমোদিত প্রবেশের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাও বেড়েছে। এ ধরনের সাইবার হুমকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো এককভাবে হিমশিম খাচ্ছে—জরিপের ফলাফলে এমন ধারণার বিস্তারের বিষয়টিও উঠে এসেছে।
চার দিন ধরে পরিচালিত এ জরিপে জাপানের বিভিন্ন এলাকার ১৮ বছর বা তার বেশি বয়সী ২ হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশের উত্তর জরিপের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।