EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

এস্তোনিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে রাশিয়া, মস্কোর হুঁশিয়ারি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

এস্তোনিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে রাশিয়া, মস্কোর হুঁশিয়ারি
অ অ

রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ ঘিরে এস্তোনিয়ার সঙ্গে উত্তেজনা বেড়েছে মস্কোর। এস্তোনিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড দুই দেশকে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় কঠোর রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের ক্রসিংগুলো বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এস্তোনিয়া। অন্তত ছয় মাস এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা রয়েছে। দেশটির অভিযোগ, একটি এস্তোনীয় প্রতিরক্ষা সংস্থায় অগ্নিসংযোগের চেষ্টা সাজানোর পেছনে রুশ নিরাপত্তা বাহিনী জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে সোমবার মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড দুই দেশকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনে কঠোর রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।

মস্কোর অভিযোগ, ইউক্রেনকে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য গোপনে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা এবং রুশ ভাষার ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগও তুলেছে দেশটি। রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার বিষয়টিও অভিযোগের তালিকায় রয়েছে।

তবে ইউক্রেনের সামরিক অভিযানে এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশকেই সামরিক অভিযান পরিচালনার জন্য এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতেও এমন সুযোগ দেওয়ার পরিকল্পনা নেই। এ অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থানে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা বলেন, ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া নিজেদের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরাতেই রাশিয়া এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

এস্তোনিয়ার পাশাপাশি বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো সদস্যদেশের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ করে আসছে মস্কো। ইউক্রেনীয় ড্রোনকে রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য ন্যাটোর আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছে দেশটি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো। তাদের বক্তব্য, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের কারণেই ইউক্রেনীয় ড্রোনগুলো ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে।

এ পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ন্যাটো। বার্লিনে দেওয়া এক ভাষণে জোটের মহাসচিব মার্ক রুটে এস্তোনিয়ার পরিস্থিতির পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, পোল্যান্ড ও এস্তোনিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত পর্যালোচনা করা হবে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এসব ব্যবস্থা হালনাগাদও করা হবে।

আরও পড়ুন