মোদি-বালেন্দ্র শাহের বৈঠকে গুরুত্ব পাচ্ছে যে সব বিষয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
মোদি ও বালেন্দ্র শাহ। ছবি: সংগৃহীত
জ্বালানি, বাণিজ্য, অবকাঠামো ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি।
সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বালেন্দ্র শাহকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি।
আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাবে
মোদি ও বালেন্দ্র শাহের বৈঠকে জ্বালানি সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। জলবিদ্যুৎ, রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগ, বিনিয়োগ এবং অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারত ও নেপালের মধ্যে ২০০ কোটি ডলারের একটি উন্নয়ন প্যাকেজ নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলে এর একটি অংশ গত আগস্টে হিমবাহ থেকে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের ঘরবাড়ি ও জলবিদ্যুৎ প্রকল্প পুনর্গঠনে ব্যয় করা হতে পারে।
নেপালের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং একে অপরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। এ ছাড়া উত্তরাখণ্ডের বানবাসায় একটি সমন্বিত চেকপোস্ট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
বালেন্দ্র শাহের সফরসঙ্গী হিসেবে ৫২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে। সফরকালে নেপাল-ভারত বিজনেস ফোরামের বৈঠক হওয়ার কথা। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
উদ্বোধন হচ্ছে সরযূ-কমলা এক্সপ্রেস
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি সীমান্তবর্তী রেল যোগাযোগের উন্নয়ন। আজ সোমবার ভার্চুয়ালি সরযূ-কমলা এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহ। সাপ্তাহিক এ ট্রেনটি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলাচল করবে।
রামায়ণ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত সহজ করবে ট্রেনটি। জনকপুর ধামকে দেবী সীতার জন্মস্থান এবং অযোধ্যাকে ভগবান রামের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়।
ট্রেনটি গোরখপুর, বস্তি, রক্সৌল, সীতামারি, মধুবনী ও জয়নগরে থামবে। এতে উত্তর প্রদেশ ও বিহারের কয়েকটি জেলার যাত্রীদের রেল যোগাযোগ সহজ হবে।
ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে সরযূ-কমলা এক্সপ্রেস। এ ছাড়া জয়নগর-বিজলপুরা-বর্দিবাস এবং জোগবানি-বিরাটনগর রেল সংযোগ প্রকল্প রয়েছে। প্রস্তাবিত রক্সৌল-কাঠমান্ডু রেললাইন বাস্তবায়িত হলে দুই দেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
জয়শঙ্করের সঙ্গে বালেন্দ্র শাহের বৈঠক
মোদির সঙ্গে বৈঠকের আগে রোববার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন বালেন্দ্র শাহ। বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, নেপালের সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক নিয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্কসহ দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
