নেপালে বন্যা পরবর্তী পুর্নগঠনে ২৪ হাজার কোটি রূপি উন্নয়ন সহযোগিতা ঘোষণা মোদির
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত মিলিয়ে সাক্ষাৎ করেন। ছবি: ডিডি ইন্ডিয়া।
দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে এবং নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তার লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি ‘উন্নয়ন সহযোগিতা প্যাকেজ’ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর শাহর পাশে দাঁড়িয়ে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মোদি গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং কঠিন সময়ে কাঠমান্ডুর পাশে থাকার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আজ নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী উন্নয়নে নতুন শক্তি জোগাতে আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’’
এই আর্থিক প্যাকেজের লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘‘আমাদের সংকল্প হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, নতুন সুযোগ সৃষ্টি হয় এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরও জোরদার হয়।’’
কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়া নেপালের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মোদি তার নেতৃত্ব এবং চলতি বছরের শুরুতে নেপালের ভোটারদের দেওয়া জনরায়ের প্রশংসা করেন।
মোদি বলেন, ‘‘নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর বালেন্দ্র শাহ জিকে তার প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক মাস আগে তিনি যখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখন আমরা তার দূরদর্শিতার স্পষ্ট ঝলক দেখেছিলাম। আজ গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার আমি অনুভব করেছি।’’
তিনি যোগ করেন, ‘‘চলতি বছর নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক জনরায় দিয়েছে, তা নেপালের নতুন প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।’’
দুই প্রতিবেশী দেশের গভীর সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ঘনিষ্ঠ আত্মীয়তা এবং অটুট বিশ্বাসের’ ওপর প্রতিষ্ঠিত।
মোদি বলেন, ‘‘একটি শক্তিশালী ও সমৃদ্ধ নেপালের উন্নয়ন যাত্রায় ভারত সবসময় অংশীদার হিসেবে ছিল। এই চেতনা থেকেই আজ আমরা আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুরা, ভারত ও নেপালের সম্পর্ক কেবল প্রতিবেশীর নয়, বরং ঘনিষ্ঠ আত্মীয়তা ও অটুট বিশ্বাসের। আমাদের আনন্দ যেমন ভাগাভাগি করা, তেমনি চ্যালেঞ্জগুলোও অভিন্ন। আমরা একে অপরের অগ্রগতির অংশীদার এবং কঠিন সময়ে একে অপরের সহায়।’’
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নয়াদিল্লি সফরের সময় মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, বেসামরিক প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি খাতে ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মহাকাশ ও যোগাযোগ খাতে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট ব্যবহারের জন্য স্যাটেলাইট কমিউনিকেশন (স্যাটকম) নেটওয়ার্ক স্থাপনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
পুলিশিং ও ফরেনসিক বিজ্ঞান খাতে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ) এবং নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতার জন্য; এবং অন্যটি ভারতের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ) ও নেপালের ন্যাশনাল পুলিশ একাডেমির (এনপিএ) মধ্যে।
প্রাতিষ্ঠানিক সুশাসন খাতে নেপালের সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির জন্য ভারতের প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি) এবং নেপালের ফেডারেল অ্যাফেয়ার্স ও সাধারণ প্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ নেপাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
স্বাস্থ্যসেবা খাতে দুটি চুক্তি হয়েছে—স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। পাশাপাশি আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সহযোগিতার বিষয়ে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি সম্পাদিত হয়েছে।
নগর উন্নয়ন ও কৃষি খাতে টেকসই নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা এবং প্রাণিসম্পদ ও মৎস্য উন্নয়নে সহযোগিতার বিষয়ে দুটি এমওইউ স্বাক্ষর করেছে দুই সরকার।
সফরকালে দুই নেতা যৌথভাবে ছয়টি বড় আন্তঃসীমান্ত সংযোগ, জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রেল ও সড়ক সংযোগ খাতে সাংস্কৃতিক ও রেল সংযোগ বাড়াতে ভারতের অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ ট্রেন সেবার উদ্বোধন করেন দুই নেতা।
সীমান্ত এলাকায় সড়ক ও বাণিজ্য অবকাঠামো জোরদারে তারা ভারতের ধারচুলা ও নেপালের দারচুলার মধ্যে সংযোগকারী একটি নতুন আন্তঃসীমান্ত মোটরযান চলাচল উপযোগী সেতুর উদ্বোধন করেন।
পাশাপাশি বনবাসায় একটি নতুন ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ভৈরহাওয়া, সুনৌলি ও দোধারা চাঁদনিতে নির্মাণাধীন আইসিপিগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন।
জ্বালানি ও জলবিদ্যুৎ খাতে দুই প্রধানমন্ত্রী ৬৬৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া দ্বিপাক্ষিক পেট্রোলিয়াম সহযোগিতা আরও জোরদার করতে তারা মতিহারি-আমলেখগঞ্জ পাইপলাইনের (এমএপিএল) দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন এবং প্রস্তাবিত শিলিগুড়ি-ঝাপা পেট্রোলিয়াম পাইপলাইনের অংশ হিসেবে ঝাপায় একটি পেট্রোলিয়াম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হায়দ্রাবাদ হাউসে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের পর ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার (২২ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছান বালেন্দ্র শাহ। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।