EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আরবের সব বন্দর হামলার লক্ষ্যবস্তু: হুতি সরকার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

সৌদি আরবের সব বন্দর হামলার লক্ষ্যবস্তু: হুতি সরকার
অ অ

সৌদি আরবের সব বন্দরকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে দেশটির হুতি সরকার। পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরে সৌদি হামলার জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দরগুলো অবিলম্বে খালি করার আহ্বান জানানো হয়েছে।

হুতি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, হুদাইদা বন্দরে হামলা চালিয়ে সৌদি আরব বড় ধরনের বোকামি করেছে। এর ফলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের সব বন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ ও ন্যায়সংগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব স্থাপনা এখন প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, সৌদি সরকার ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর অবরোধ ও দুর্ভিক্ষ চাপিয়ে রেখেছে। এর পরও ক্ষান্ত না হয়ে এবার তারা হুদাইদা বন্দরে হামলা চালিয়েছে। অথচ বন্দরটি ইয়েমেনের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক লাইফলাইন। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য দেশটির জনগণ এই বন্দরের ওপর নির্ভরশীল।

আল-বুখাইতি আরও বলেন, ইয়েমেনের জনগণের একমাত্র গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহপথে হামলা চালিয়ে সৌদি আরব নিজেই তাদের ওপর নির্ভরশীল বন্দরগুলোতে ইয়েমেনের পাল্টা হামলার বৈধতা দিয়েছে।

এ সময় জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের অন্যান্য বন্দরের শ্রমিক, কর্মকর্তা ও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব বন্দর অবিলম্বে খালি করে দেওয়ার নির্দেশনাও দেন।

এ ছাড়া সৌদি আরবের শাকিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ও কর্মচারীদের অবিলম্বে স্থাপনাটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আল-বুখাইতি। পাশাপাশি সাধারণ নাগরিকদের ওই বিদ্যুৎকেন্দ্রের আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন