রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘ন্যায়সংগত নয়’: মিয়ানমার
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ন্যায়সংগত নয়’ বলে মন্তব্য করেছে মিয়ানমার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানায় মিয়ানমার।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাজধানী নেইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা এএফপি। দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে এএফপিকে বলেন, মিয়ানমারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রায়ের ফলাফল সন্তোষজনক হয়নি। ১৫ জন বিচারকের সবাই এ সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।
তিনি বলেন, ‘সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।’
২০১৭ সালের আগস্টের শুরুর দিকে রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। পরে এসব হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।
এরপর ওই মাসের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১৯ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করেন আইসিজে।