EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আমাজনের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

আমাজনের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ

মারানিয়াওয়ে সরকারি দলের সামনে আসা আওয়া জনগোষ্ঠীর সদস্যরা। ছবি: রয়টার্স

অ অ

ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা বিচ্ছিন্ন আওয়া আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করে। 

সংগঠনটি জানায়, এর আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে একটি সরকারি দলের সামনে আসেন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য। তাঁরা সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন। এবার তাঁরা খাবার চেয়েছেন। সংগঠনটি এই ঘটনাকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ বলে বর্ণনা করেছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের মতে, সাম্প্রতিক ইতিহাসে আওয়াদের এভাবে এগিয়ে আসার নজির নেই। অন্তত কয়েক দশকে এমন ঘটনা ঘটেনি। সংগঠনটির ধারণা, নিজেদের ভূখণ্ডে বহিরাগতদের অনুপ্রবেশের চাপে পড়েই তাঁরা খাবার চাইতে এসে থাকতে পারেন। 

সংগঠনের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়ারা চরম চাপের মধ্যে আছেন। ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা ঢুকে পড়ায় তাঁরা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনখণ্ডে আটকা পড়ছেন।

ব্রাজিলের আদিবাসী-বিষয়ক সংস্থা ফুনাই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিবরণ তারা পর্যালোচনা করছে। এতে মারানিয়াওয়ের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামে বিচ্ছিন্ন আওয়াদের যোগাযোগ করতে দেখা গেছে। সংস্থাটি স্বাস্থ্যঝুঁকি কমাতে একটি জরুরি পরিকল্পনাও কার্যকর করেছে।

ফুনাই আরও জানিয়েছে, ব্রাজিল সরকার এই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না। যোগাযোগ না করার নীতিই বহাল আছে। সংস্থাটির তথ্যমতে, আওয়ারা উত্তর-পশ্চিম মারানিয়াওয়ের তুপি-গুয়ারানি জনগোষ্ঠীর অংশ। তাঁদের একটি অংশ স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবন যাপন করে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানায়, ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামে পরিচিত আদিবাসীদের একটি দলের অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। দলটি অবৈধভাবে গাছ কাটা ও গবাদিপশুর খামার স্থাপনের বিরুদ্ধে কাজ করে। রয়টার্স ভিডিও ধারণের স্থান ও তারিখ যাচাই করতে পারেনি। তবে মঙ্গলবারের আগে অনলাইনে এর কোনো সংস্করণ পাওয়া যায়নি।

মারানিয়াওয়ের আদিবাসীদের সংগঠন কোয়াপিমা বলেছে, এই সাক্ষাৎ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অপরিকল্পিত যোগাযোগ রোগের সংস্পর্শসহ নানা ঝুঁকিতে ফেলতে পারে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে যোগাযোগ এড়িয়ে চলা ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী চিহ্নিত করেছে। তাদের হিসাবে, এর প্রায় ৯৫ শতাংশ আমাজনে, আর শুধু ব্রাজিলেই ১২৪টি।

আরও পড়ুন