আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
হেগে আন্তর্জাতিক বিচার আদালতের এজলাস।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া চলছে। নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা তুলে ধরেন।
বিচারপতি ইউজি ব্যাখ্যা করেন, আগের গণহত্যা মামলাগুলোর মতো এ মামলায় আইসিজের সামনে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই। তাই তিনি বলেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’
বিচারপতি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি বিবেচনায় নেবে। এর মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে তা দেওয়া হয়েছে, সেটিও থাকবে। যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়ও আদালত বিবেচনায় নিচ্ছে বলে তিনি যোগ করেন।
ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া সাক্ষীদের বক্তব্য শুনেছেন। তিনি বলেন, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাঁদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে।’ তিনি আরও বলেন, জেরার সময় সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য চ্যালেঞ্জের মুখে পড়েনি।
২০১৯ সালের নভেম্বরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়া এ মামলা করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ওই অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।