প্রযুক্তি যুদ্ধে যুক্তরাষ্ট্র-চীন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে। উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা, গোপনে চিপ সংগ্রহ এবং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টাকে ঘিরে দুই দেশের মধ্যে চলছে কৌশলগত লড়াই। এমন পরিস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকেও গুরুত্ব পেতে যাচ্ছে এআই প্রযুক্তির আধিপত্যের প্রশ্ন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন দুই দেশের মধ্যে এআই নিয়ে নতুন দ্বিপক্ষীয় সংলাপ এগিয়ে নিতে চায়। তবে দুই দেশের মতপার্থক্য নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাঁর মতে, এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন এখনো পরস্পরের প্রতিদ্বন্দ্বী।
লোয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, উন্নত এআই মডেলের সক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনো স্পষ্ট ব্যবধানে এগিয়ে। কম্পিউটিং সক্ষমতা ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দেশটির আধিপত্যই এর অন্যতম কারণ। এই অবস্থান ধরে রাখতে চীনের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ সীমিত করার চেষ্টা করছে ওয়াশিংটন।
তবে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে উন্নত চিপ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
২০২৬ সালের মার্চে মার্কিন প্রসিকিউটররা সার্ভার নির্মাতা সুপার মাইক্রোর এক সহপ্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত সার্ভার চীনে পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তাঁদের দাবি, এভাবে প্রায় ২৫০ কোটি ডলারের এআই প্রযুক্তি চীনে পাঠানো হয়েছে। অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের এআই চিপযুক্ত সার্ভার জব্দ করে দেশটির শুল্ক কর্তৃপক্ষ।
চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করেও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার চিপ ব্যবহার করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে কার্যক্রম চালিয়েছে চীনা প্রতিষ্ঠান মেগাস্পিড। এসব ডেটা সেন্টারের সুবিধা চীনের কাজে লাগছে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তি পাচারের পথ বন্ধ করতে আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছে মার্কিন কংগ্রেস। চলতি বছরের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছে। এতে ক্লাউডের মাধ্যমে নিষিদ্ধ চিপ ব্যবহারের ক্ষেত্রেও রপ্তানি নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। তবে সিনেটে এখনো বিলটির ওপর ভোট হয়নি।
অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে জোর দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। উন্নত চিপ তৈরির জন্য প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্রপাতি সরবরাহে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এএসএমএলকে সীমাবদ্ধতা আরোপের জন্য চাপ দিয়েছে ওয়াশিংটন।
এর মধ্যেই গত মে মাসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ট্রানজিস্টরের আকার ছোট না করেই চিপে সেগুলোর ঘনত্ব বাড়ানোর নতুন নকশা প্রকাশ করেছে। ২০৩১ সালের মধ্যে এ প্রযুক্তিতে তাইওয়ানের টিএসএমসির ২০২৮ সালের চিপের সমপর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে চিপ নির্মাতাদের সংগঠন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন প্রস্তাবিত চিপ সিকিউরিটি অ্যাক্টের বিরোধিতা করেছে। সংগঠনটির মতে, চিপের অবস্থান শনাক্তে বিশেষ ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাব এখনো পরীক্ষিত নয়।
বিশ্লেষকদের মতে, শুধু রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রা থামানো কঠিন। নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি তৃতীয় দেশের মাধ্যমে চিপ সংগ্রহের বিকল্প পথ খুঁজছে বেইজিং। ফলে এপেক সম্মেলনে দুই নেতার আলোচনায় কী সিদ্ধান্ত আসে, তার পাশাপাশি এআই ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে দুই দেশের প্রতিযোগিতা আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।