EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুতিরা

বাব আল-মান্দেব ছেড়েছে সরকারি বাহিনী, ৬০০ যোদ্ধাকে মুক্তি দিল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ এএম

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুতিরা

এডেনের পথে সশস্ত্র হুতি যোদ্ধারা। ছবি: এএফপি

অ অ

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে দ্রুত এগোচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা এরই মধ্যে শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। এ অবস্থায় এডেনের প্রতিরক্ষা জোরদার করতে বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার।

সরকারি বাহিনী সরে দাঁড়ানোর পর ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। এ ছাড়া সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে তারা।

সেনা সরানোর ঘোষণা

গত ১৫ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানায়, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের সরিয়ে নতুন করে মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় এই বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক।

সামরিক ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রতিবেশী লাহিজ প্রদেশের দুটি জেলা দখলে নেওয়ার পর হুতিরা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পৌঁছেছে।

সামরিক কর্মকর্তারা জানান, শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেয়াল ও দুর্গ তৈরি করা হচ্ছে। তবে হুতিরা আরও এগোলে এটি কতটা কার্যকর হবে, তা নিশ্চিত নয়।

বাহিনীটি বলেছে, তাদের প্রধান অগ্রাধিকার ‘রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা’। একই সঙ্গে তাইজ শহরের অবরোধ ভাঙার প্রচেষ্টাসহ হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে ভিন্ন দাবি করেছে হুতিরা।

তাদের সংবাদ সংস্থা সাবার বরাতে এক সামরিক সূত্র বলেছে, সরকারি বাহিনী বিভিন্ন অবস্থান ও সরবরাহের পথ হারিয়ে হুতিদের চাপের মুখে পিছু হটছে।

সংঘাতের পটভূমি

হুতিরা ২০১৫ সালে রাজধানী সানা দখল করে। তখন থেকে এডেনকে কেন্দ্র করে সরকার পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশাসন। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে চলতি গ্রীষ্মে আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, পশ্চিম ইয়েমেনে সংঘাত বেড়ে যাওয়ায় গত ১ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে তাইজ প্রদেশে।

১৫ নভেম্বর জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করে জানায়, লাহিজ প্রদেশের খারাজ শরণার্থী শিবির পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ছে। এতে শিবিরটির প্রায় ৯ হাজার ৬০০ শরণার্থী ঝুঁকির মুখে পড়েছেন।

সংস্থাটি সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার পাশাপাশি যারা শিবির ছেড়ে যেতে চান, তাঁদের নিরাপদে বের হওয়ার পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বাব আল-মান্দেবের গুরুত্ব

বাব আল-মান্দেব থেকে সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথে হুতিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বাড়ল। আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইরান যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক সেই সময় এই ঘটনা বিশ্বব্যাপী নৌবাণিজ্যের ওপর বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই জোড়া সংকট উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে তাদের জাহাজ চলাচলের প্রধান পথ থেকে আরও বিচ্ছিন্ন করবে। বাব আল-মান্দেব প্রণালি বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য ও কাঁচামাল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশেষ করে মিসরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

৬০০ যোদ্ধার মুক্তি

গত রোববার সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দেয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস।

হুতি-নিয়ন্ত্রিত সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দুলকাদের আল-মুর্তাদা বলেন, কোনো বিনিময় ছাড়াই এটি সবচেয়ে বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘটনা।

তিনি জানান, এর আগে আরও ২ হাজার ৬১২ বন্দিকে মানবতার দিক বিবেচনা করে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের যোদ্ধাদের ইয়েমেন সরকার মুক্তি দেয়নি। তিনি অভিযোগ করেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মিলে বন্দি মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন