এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা, প্রতিরক্ষায় পরিখা খনন করছে সরকারি বাহিনী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রবিবার তারা শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।
শহরটির চারপাশে পরিখা খননের পাশাপাশি বালুর বস্তা দিয়ে দেয়াল ও প্রতিরক্ষাব্যূহ তৈরি করছেন সরকারি বাহিনীর সদস্যরা। তবে হুথি যোদ্ধারা আরও অগ্রসর হলে এসব প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র ও সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি বিদ্রোহীরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে। এরপর তারা এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সূত্রগুলো জানায়, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবা ও আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন। এলাকাটি এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা। এ পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। সেখান থেকেই সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথিদের হাতে। দেশটির আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক যুগের বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।
এদিকে হুথিদের এডেন অভিমুখী অগ্রযাত্রার মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করেছে। পরে দেশটির সরকার জানায়, এডেনের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাদের অন্যত্র মোতায়েন করা হচ্ছে।
এরপর হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানায়, সরকারি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে হুথি যোদ্ধারা।
সূত্র: এএফপি