EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
অ অ

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এবং শিন বেত নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, তারা শনিবার (১৪ নভেম্বর) খান ইউনিসে এক ড্রোন হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর রবিবার (১৫ নভেম্বর) ভোরে প্রতিরোধ দল হামাসের বিবৃতিতে জানায়, ওই হামলার লক্ষ্যবস্তু ছিলেন তাদের সামরিক শাখার একজন জ্যেষ্ঠ সদস্য। বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে শনিবারের ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার চিকিৎসাকর্মীরা আল জাজিরাকে জানান, হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের আশপাশ থেকে ফিলিস্তিনি সাংবাদিকদের পোস্ট করা এবং আল জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে অ্যাম্বুলেন্স এবং রক্তমাখা স্ট্রেচার রয়েছে।

ভূমধ্যসাগরের তীরবর্তী উপকূলীয় অঞ্চল আল-মাওয়াসিতে তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রচণ্ড ভিড় রয়েছে। এলাকাটিকে আগে ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা সত্ত্বেও ইসরায়েল সেখানে বারবার হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৫ হাজার ৯৬৪ জনকে আহত করেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাইপোথার্মিয়ায় (তীব্র শীতে শরীরের তাপমাত্রা কমে যাওয়া) আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর পর ঠাণ্ডাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে, যা এই শীত মৌসুমে প্রথম মৃত্যু।

গাজার বাসিন্দাদের বেশিরভাগই বাস্তুচ্যুত এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় তারা তাঁবু এবং ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। অক্টোবরের যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন