জ্বালানি ও খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার
ম্যানিলায় ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার (১৫ নভেম্বর) ম্যানিলায় সমবেত হয়েছেন আঞ্চলিক নেতারা।
১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এতে আসিয়ান ২০২৬-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে জোটের ১১তম সদস্য হিসেবে পূর্ব তিমুরের (তিমোর-লেস্তে) অন্তর্ভুক্তিকে প্রতিফলিত করতে আসিয়ানের প্রতীকের (এমব্লেম) একটি হালনাগাদ সংস্করণ উন্মোচন করা হয়।
এ ছাড়া, মার্কোস সদ্য স্বাক্ষরিত 'আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট' আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের কাছে হস্তান্তর করেন।
গত শনিবার আসিয়ান মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন, যা পুরো অঞ্চলে একটি উন্মুক্ত, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ। চুক্তিটি ২০২৭ সালের শুরুতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে মার্কোস অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার জন্য আসিয়ানের প্রতি আহ্বান জানান।
সভাপতির অতিথি হিসেবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত আসিয়ান প্রতি বছর দুটি শীর্ষ সম্মেলন আয়োজন করে। এর ১১টি সদস্য রাষ্ট্র হলো—ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পূর্ব তিমুর (যা ২০২৫ সালের অক্টোবরে ৪৭তম শীর্ষ সম্মেলনে সংস্থাটিতে যোগ দেয়)।