বাব আল-মান্দেব থেকে সরে গেল ইয়েমেন সরকারি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে। ছবি: রয়টার্স
কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। এর ফলে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে চলে গেছে। দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে প্রত্যাহারের নির্দিষ্ট তারিখ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, সাউদার্ন আর্মড ফোর্সেস তাইজ প্রশাসনিক অঞ্চলের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব সংলগ্ন এলাকা থেকে বাহিনী পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। সরকারের বর্তমান কেন্দ্র এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলার অগ্রাধিকারেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা।
গত সেপ্টেম্বরে হুথিরা লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিতে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বাব আল-মান্দেবের কাছাকাছি পৌঁছায়। জবাবে গত অক্টোবরে উপকূলীয় এলাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করে সরকারি বাহিনী।
বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের প্রধান পথ এটি। এ সময়ে হরমুজ প্রণালীতেও ইরান জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো আন্তর্জাতিক শিপিং রুট থেকে আরও বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে।
ইয়েমেনের সংঘাত এখন ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের আরেকটি অস্থিতিশীল ফ্রন্টে পরিণত হয়েছে। হুথিরা সৌদি বন্দর, বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে লোহিত সাগরের তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে। সৌদি আরবও ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের চারপাশে লড়াই তীব্র হয়েছে। সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষের অর্ধেকই আশ্রয় নিয়েছে অবরুদ্ধ এই শহরে। সেখানে ত্রাণ ঢুকতে পারছে না, বেসামরিক মানুষও বের হতে পারছেন না।